

'এক বাইনারি পৃথিবী আমার’ দীর্ঘদিন ধরে বিন্দু বিন্দু করে জমানো একটি স্বপ্নদিঘি। বইটির অধিকাংশ কবিতাই বিগত দশকের শুরুর দিকে লেখা। স্কুল জীবনের শেষভাগ, কলেজ, কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়...জীবনের এইটুকু সময়ে যে বোধগুলো শব্দবুনটে গেঁথে পাতাজুড়ে সাজিয়ে লেখা ছিল, সেগুলো থাকছে এই বইটিতে। আমার সাহিত্যের সাথে পথচলার গল্পটা বেশ পুরাতন। ২০০৫ সালে যখন প্রথম ছড়া লিখেছিলাম, তখন চতুর্থ শ্রেণিতে পড়ি। স্কুল পেরোনোর আগেই শখানেক কবিতা আর ছড়া লিখে বসি। নিছক শখের বশে শুরুটা হলেও এখন লাল রঙের ডায়েরিটা কবিতায় ভরে গিয়েছে। নিজের লেখা ছাপার অক্ষরে দেখতে কে না চায়! তবু, একটা স্বলিখিত বইয়ের জন্য বয়সে, মননে আরও পরিণত, বিনয়ী হতে চেয়েছি। বিশ্ববিদ্যালয়ে অনার্স শেষ করেই তাই দীর্ঘদিন ড্রয়ারে পড়ে থাকা লাল ডায়েরিটায় লেখা কবিতাগুলো পাঠকদের হাতে তুলে দিলাম।