

‘রাজনীতি’ একটি বাংলা শব্দ। শব্দটি সর্বপ্রথম কখন ও কা’র দ্বারা তৈরী হয় তা গবেষণার বিষয়। তবে যেহেতু এটা ‘রাজ’ ও ‘নীতি’ শব্দদ্বয় সমন্বয়ে গঠিত একটি যৌগিক শব্দ - যার মানে হচ্ছে ‘রাজার নীতি’, সেহেতু নিঃসন্দেহে বর্তমানে শব্দটি যে তাৎপর্য দিচ্ছে গঠনকালে তা সে তাৎপর্য বহন করতো না। যথাসম্ভব, বৃটিশরা সর্বপ্রথম যখন ভারত উপমহাদেশে রাজনৈতিক দল গঠনের অনুমতি দেয় এবং এর ফলে ১৮৮৫ সালে সর্বভারতীয় কংগ্রেস দল গঠিত হয় তখন ইংরেজী politics শব্দের বাংলা অনুবাদ ‘রাজনীতি’ করা হয়ে থাকবে; এভাবে শব্দটি তার বুৎপত্তিগত তাৎপর্যের বদলে নতুন অর্থ গ্রহণ করে থাকবে। ইসলামে রাজনীতি আছে কি না ভারত উপমহাদেশে এ প্রশ্নটির জন্ম যথাসম্ভব বিংশ শতাব্দীর শুরুর দিকে যখন উপমহাদেশে মুসলমানদের জন্য স্বতন্ত্র রাজনৈতিক দল ‘মুসলিম লীগ’ গঠন করা হয় এবং ঐ শতাব্দীর প্রথমার্ধের শেষ দিকে ইসলামের নামে রাজনৈতিক দল গঠন করা হলে এ বিতর্ক তীব্রতর হয়ে ওঠে। এ বিতর্ক দীর্ঘ কয়েক দশক যাবত চলে। এ বিষয়ে বহু প্রবন্ধ ও বই-পুস্তক লেখা হয় এবং শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত সত্য হিসেবে পরিগণিত হয়ে যায় যে, ইসলামে রাজনীতি আছে। তাই “ইসলামে রাজনীতি আছে কি না?” - এ ক্ববরস্থ প্রশ্নটির পুনরুজ্জীবন যে কারো কাছেই বিস্ময়কর বা অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু অবিশ্বাস্য হলেও বাস্তব সত্য এই যে, অনেক সময় একটি সঠিক বিষয়কে যথাযথভাবে উপস্থাপন করতে না পারায় তা বাত্বিল্ হয়ে যায় এবং একটি ভুল বিষয়ের ভুল হওয়ার কারণটি দৃষ্টি এড়িয়ে যাওয়ায় তা সঠিক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়। কিন্তু যা ভুল ভিত্তির ওপর প্রতিষ্ঠিত তা যতো দীর্ঘস্থায়ীই হোক না কেন তা কখনো-না-কখনো ধ্বসে পড়তে বাধ্য।