

মহান আল্লাহ্ তা‘আলার প্রতি লাখ লাখ শুকরিয়া যে, তিনি আমাকে অত্র গ্রন্থের পরিমার্জিত পাণ্ডুলিপি প্রস্তুত করার তাওফীক্ব দিয়েছেন। শুরুতেই উল্লেখ করতে চাই যে, আমি সব সময়ই দল, গোষ্ঠী, মায্হাব্, ফিরক্বাহ্ বা কোনো ব্যক্তিত্বের অন্ধ অনুসরণ ও একদেশদর্শিতার উর্ধে থেকে সত্যানুসন্ধিৎসা সহকারে অকাট্য দলীলের আলোকে ইসলামের স্বরূপ সন্ধান করে আসছি। এ কারণেই, অতীতে এক সময় রাজনীতির সাথে কম-বেশী সক্রিয়ভাবে জড়িত থাকলেও কখনোই পেশাদার রাজনীতিক ছিলাম না এবং একই কারণে দলীয় কর্মকাণ্ডে জড়িত থাকলেও অন্ধ দলপ্রীতি কখনোই আমার চিন্তার স্বাধীনতা ও বিবেকবোধকে কেড়ে নিতে পারে নি। “ইসলামী রাষ্ট্র” (الحکومة الاسلامية - ইসলামী হুকূমাত্) একটি সর্বজনপরিচিত পরিভাষা; ইসলামী হুকূমাতের সমর্থক ও বিরোধী মুসলিম-অমুসলিম নির্বিশেষে কোনো সচেতন মানুষই এ পরিভাষাটির সাথে অপরিচিত নন। কিন্তু সাম্প্রতিক কালে ইসলামী হুকূমাত্ বা ইসলামী রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন ধরনের সঙ্গত ও অসঙ্গত প্রশ্ন তোলা হয়েছে; ইসলামী হুকূমাত্ সম্পর্কিত ধারণাকে সুস্পষ্ট করার লক্ষ্যে যেমন এতদ্সংক্রান্ত সঙ্গত প্রশ্নগুলোর জবাব দান করা প্রয়োজন, তেমনি উত্থাপিত অসঙ্গত প্রশ্নগুলো থেকে উদ্ভূত ভ্রান্ত ধারণা অনেকের মনে এ বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বিধায় সেগুলো খণ্ডন করাও অপরিহার্য।