

আধুনিকতার মাপকাঠিতে গড়ে ওঠা ঝকঝকে শহর ছাড়িয়ে দক্ষিণের বিস্তীর্ণ জনপদটি পুরান ঢাকা। এক সময়ের রাজকীয় জৌলুস হারালেও আভিজাত্যের বিবর্ণ রুপটুকু নিয়ে সসম্মানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এখনো। অজস্র অলিগলির মাঝে আস্তর খসে যাওয়া জীর্ণ বাড়ী, সবুজ মখমলে শ্যাওলা ধরা অগণিত দেয়াল, মাকড়শার জালের মত শেকড় ছড়িয়ে দেয়ালগুলোকে আঁকড়ে বেড়ে ওঠা প্রাচীন বটগাছগুলো কত শত ইতিহাস আর আর কাহিনির নিরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বয়ে চলা সময়ের স্রোতে যা হারিয়ে যায়নি। ইতিহাস হারায়না কখনও, হারায় জীবনের গল্প। আঁকাবাকা সরু গলির ভাঁজে ভাঁজে ছড়িয়ে থাকা মানুষ আর তাদের জীবনের গল্পগুলো হারিয়ে যায়, এক সময় বিলীন হয় অস্তিত্ব। বিখ্যাত কোন ইতিহাস নয়, নাম না জানা এক অখ্যাত গলির আটপৌরে মেয়ে অরুকে নিয়ে এই গল্প। নষ্টে ডুবে যাওয়া তার জীবনের উপাখ্যান। অরুনা আহমেদ, পূর্ব জুরাইন, ঢাকা।