

ঘুম থেকে উঠার পরই বেড সাইডে গরম কফি পেয়েছে জারিফ। রাতে ভালো ঘুম না হওয়ায় সকাল সকাল কফিটা পেয়ে ওর মন ভালো হয়ে গেল। বহুদিন পর নিজের ঘরে বসে কফি খেয়ে অন্যরকম অনুভূতি হলো ওর। ফরেন লাইফে এই যত্ন টুকু কখনোই পেত না সে। একা হাতে সব করতে হতো। কতদিন এসব করতে বিরক্ত হয়েছে সে, তার ইয়ত্তা নেই। অথচ নিজের বাড়িতে সেসব নিয়ে কোনো ঝামেলাই নেই। সব আগে থেকেই রেডি থাকে। আরামের জীবনটা ছেড়েছে সে বিয়ের পর থেকে। মনীষীরা ঠিকই বলেছেন, সংসার জীবন যেমন আরাম দেয়, তেমনি আরাম কেড়েও নেয়। এ জীবন বড়ই বিড়ম্বনার। কী আশ্চর্য! নিজেকে ওর বিবাহিত মনে হচ্ছে কেন এই সকাল সকাল? অবশ্য সে তো বিবাহিতই। অবনী নামক একটা মেয়েকে বিয়ে করেছিল সে, বাবার উপর জেদ করে যাকে ছেড়ে গেছিল সে। জারিফ জোর করে মাথা থেকে এই চিন্তাটা দূর করার চেষ্টা করল। কফি খেয়ে সময় নিয়ে ফ্রেশ হলো। সাদা টি-শার্ট গায়ে চাপিয়ে বাড়ির ছাদে হাঁটাহাঁটি করতে গেল সে। গিয়ে ওর মন ভার হয়ে এলো। ছাদ বাগানটা এখন আর আগের মতন নেই। কেমন নির্জীব হয়ে আছে, অর্ধেক গাছই মৃত। হাঁটতে হাঁটতে ও ছাদের অন্যপাশটাতে আসতেই দেখল আকাশি রঙের জামা পরিহিত মেয়েলি অবয়ব একটা গোলাপ গাছের মাটি আলগা করে তাতে পানি দিচ্ছে৷ জারিফ মেয়েটাকে সামনাসামনি দেখতে পাচ্ছে না। তাই ভাবল ও হয়তো মিলা হবে। সেজন্য বিকট স্বরে বলল, "গাছগুলোর কী অবস্থা! মরুভূমি বানিয়ে রেখে দিয়েছে একদম..." অবনী অন্যমনস্ক ভঙ্গিতে গাছে পানি দিচ্ছিল। পেছনে কে তা খেয়াল করেনি। সে অবস্থাতেই প্রশ্ন শুনে বলল, "যত্ন করার মানুষ না থাকলে মরুভূমি তো হবেই।" এদিকে জারিফ অপরিচিত মেয়েলি গলা শুনে অবাক হলো। ভ্রুকুটি করে বলল, "এক্সকিউজ মি! হু আর ইউ?" অবনী এমন একটা প্রশ্ন শুনে বিস্মিত হলো। দ্বিধা নিয়ে পেছনে ফিরতেই ওর চক্ষুচড়ক গাছ হয়ে গেল জারিফকে দেখে। এই লোকটা এখানে কী করছে? এদিকে জারিফও হতবাক। কারণ মেয়েটা অন্য কেউ নয়। অবনী, ওর নামেমাত্র স্ত্রী৷ যাকে ঘিরেই এতসব কান্ড, ওর সব উলটপালট! জারিফ যেন ওকে দেখে বড়সড় একটা ধাক্কার মতো খেল। ও ভেবেছিল অবনী চলে গেছে, পরিবার হয়তো ওকে নিয়ে গেছে। কিন্তু ও যে এ বাড়িতে থাকতে পারে বা এখনো আছে সেটা মোটেও ভাবেনি৷ ওর বন্ধুরা, বাড়ির কেউ, এমনকি ওর মা-ও কখনো বলেনি। জারিফের পায়ের রক্ত তড়তড় করে মাথায় উঠতে লাগল। জোরালো গলায় বলল, "তুমি? তুমি এখানে কী করছো?" অবনী ঝা চকচকে জারিফকে সামনাসামনি একদম আশা করেনি। ইতোমধ্যে ওর বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেছে। অবনী নিজের অস্থিরতা লুকাতে হাত থেকে পানির পাত্রটা রেখে সরে যাওয়া ওড়নাটা টেনে মাথায় দিলো। এরপর দ্রুতগতিতে চলে আসার জন্য পা বাড়াতেই জারিফ ওর পথরোধ করে দাঁড়াল, "আমার প্রশ্নের উত্তর দাও বেয়াদব মেয়ে!" 'বেয়াদব মেয়ে’ তকমাটা শুনে অবনীর রাগ হলো খানিকটা। অন্যরকম এক জেদ ভর করল মনে। তীব্র গলায় বলল, "মুভ অন করতে পারিনি বলে থেকে গেছি। আর আমি এখানে কী করছি সেটা নিজেকেই জিজ্ঞেস করুন। আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।" অবনী অকপটে এমন একটা কথা বলে দিল? জারিফ রাগ ভুলে হতবাক হয়ে গেল। উত্তর খুঁজে পেল না। আর ওকে মূর্তির মতো দাঁড় করিয়ে রেখে অবনী সেখান থেকে দ্রুতপদে চলে গেল। একবার ফিরেও তাকাল না। জারিফের আচমকা মনে হলো ওর নামটা যে অবনীর সাথে জড়িয়ে আছে, তাতে যেন প্রচন্ড বিরক্তবোধ করছে অবনী। এটা ভেবেই ওর বিস্ময়ের সীমা রইল না।
সুন্দর
Read all reviews on the Boitoi app
খুব ভালো লাগলো গল্পটা পড়ে। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য।
খুব সুন্দর হয়েছে গল্পটা। আমার অন্যতম প্রিয় লেখিকা র লেখা গল্প। পড়ার জন্য অনুরোধ রইল।
এরকম পটভূমিতে গল্প আমার আগেও পড়া হয়েছে । সাধারণত এই ধরনের গল্প পড়ার প্রতি আগ্রহ জাগে মূলত লেখক কিভাবে গল্পটা ফুটিয়ে তুলেন, কিভাবে গল্পটা প্রস্তুত করে প্রেক্ষাপট সাজিয়ে তোলার চেষ্টা করেন তা জানতে । এখানেও তাই জানার ইচ্ছা ছিল । পটভূমি তাই বেশ চেনাজানা হলেও এখানে প্রেক্ষাপটে একটু অন্যরকম ব্যাপারগুলো রাখা হয়েছে । প্রেক্ষাপটে একটু অনুভূতি আর পারিবারিক মেলবন্ধন এর দিকে বেশি নজর রাখা হয়েছে । যা বেশ ভালো চেষ্টা ছিল । সে অনুযায়ীই গল্পটা যেন বয়ে গিয়েছে পুরোটা জুড়ে । চেনাজানা পটভূমির গল্পের প্রেক্ষাপটে তাই এরকম ধাঁচের গল্পটা পড়তে তাই খুব একটা সমস্যা মনে হয়নি । এই গল্পের দৃশ্যপটে যদিও কিছু কিছু দৃশ্যপটে আরেকটু কাজ করা যেতে পারতো বলে মনে হয় । যেকোনো প্রেক্ষাপটে গল্প প্রকাশ করতে গেলে তার মাঝে ভারসাম্য আনতে দৃশ্যপটে দারুণ এক চেষ্টা রাখা হয় । এখানে কিছু কিছু দৃশ্যপটে সেই চেষ্টা সামান্য দুর্বল মনে হয়েছে । গল্পে আবহ থাকলেও এই ধরনের গল্পে আরেকটু আবহ থাকতে পারতো বলে মনে হয়েছে । প্রায় বেশিরভাগই সংলাপ ভিত্তিক এই গল্পে আবহের জায়গাটিতে আরেকটু আবহ এবং আত্ম-উপলব্ধি আনা যেতে পারতো । যে কারণে এই গল্পে বর্ণনামূলক দৃষ্টিভঙ্গির খুবই গুরুত্বপূর্ণ একটা প্রয়োজন ছিল । গল্পে সামান্য গভীরতা থাকলেও তা কোথাও একটা চরিত্র গঠন এবং উপস্থিতিতে একটু কম ছিল বলে মনে হয়েছে । তাই যখন দুইয়ের সংযোগে গল্প নতুন এক মুহূর্ত শুরু হয়েছে, বারবার মনে হয়েছে কোথাও একটা দ্বন্দ্ব লেগে আছে যেন । তাই চরিত্র গঠনে আরেকটু কাজ করা যেতে পারতো । অবনী চরিত্রটির গঠন বেশ ভালো । ভালো তার উপস্থিতির দিক থেকেও । জারিফ চরিত্রটির গঠনে ভারসাম্য বজায় রাখা কোথাও একটা কমতি রয়েছে বলে মনে হয়েছে । তার চরিত্রটির বিশ্লেষণে আরেকটু সময় দেয়া যেতে পারতো । আত্মিক অনুভূতি, আচরণ, মনস্তাত্ত্বিক আবেশ সবকিছুতেই কোথাও একটা যেন তাড়াহুড়ো গল্পে যেন একটা খামতি থাকার আবহ তৈরি করে দেয় । এক্ষেত্রে একটু সময় নিয়ে তৈরি করা যেতে পারতো । তার প্রেমে পড়ার ব্যাপারটা একটু সময় নিয়ে তৈরি করা উচিত ছিল । এই গল্পের সবথেকে ভালো দিক ছিল, যেভাবে গল্পটি ফুটিয়ে তুলে প্রকাশ করা হয়েছে, সেটি । প্রেক্ষাপটে বেশ দারুণ কাজ করা হয়েছে কিছু । লেখক ইসরাত জাহান ফারিয়া এর লিখনশৈলীর সাথে আমার আগে তেমন পরিচয় ছিল না, পড়াও হয়নি কিছু । এটাই প্রথম পড়া ছিল । মনে হয়েছে, ইচ্ছে করলেই তিনি বেশ পূর্ণ একটা পরিপূর্ণ গল্প পেতে দিতে পারেন আমাদের পাঠকদের । যেখানে পটভূমিতে থাকবে দারুণ কিছু মুহূর্ত । বেশ গভীরতার সাথে সাথে প্রেক্ষাপট, দৃশ্যপটে দারুণ কিছু কাজ করা হবে । এক্ষেত্রে তার লিখনশৈলীর জন্য শুভকামনা রইলো । বেশ কিছু টাইপিং মিস্টেক আছে এই গল্পে । তবে মনোযোগ হারিয়ে ফেলার মতো তেমন কিছু নয় । রেটিংঃ ৪.১/৫
পড়লাম পুরো গল্পটা । কিন্তু ভালো না খারাপ লেগেছে বুঝতে পারছি না। চরিত্রদের খারাপ লাগলে কি গল্প খারাপ লাগা হয়?জারিফ আর তার বাবা দুজনকেই আমার একদম ভালো লাগেনি।জারিফকে কাপুরুষ মনে হয়েছে।আর তার বাবাকে স্বার্থান্বেষী মনে হয়েছে।অবনীও ব্যাক বোনলেস।তাও গল্পটা খারাপও লাগেনি। উপভোগ্য ছিল।
রোমান্টিক
অনেক অনেক সুন্দর গল্পটা। লেখিকার জন্য এত্তগুলা ভালোবাসা