

সিরিয়ার বিদ্রোহী বাহিনীর একজন তরুণ ক্যাপ্টেন রামিম আরসালান একটা বিশেষ মিশন নিয়ে যায় ইদলিবে অবস্থিত একটি মার্কিন সেনা ঘাটিতে। ঘাটির কমান্ডিং অফিসার কর্নেল ম্যাকেঞ্জি। মূলত আরসালান ওখানে যায় দুটো উদ্দেশ্যে। একটা প্রকাশ্য, অন্যটা গোপনীয়। কর্নেল ম্যাকেঞ্জির অস্ত্রের চোরাই ব্যবসা আছে। এই কাজে বেশ ফুলে ফেঁপে উঠেছে সে অল্প কয়েক বছরের মধ্যেই। আরসালান এই অস্ত্রের চালানের ব্যাপারেই ডিল করতে ওখানে যায়। তবে এটা ছিল একটা ভাঁওতা। অস্ত্রের ডিলটা ছিল সাজানো। ওখানে আগে থেকেই বন্দি হয়ে থাকা সিরিয়ান বিদ্রোহী আর্মির এক কমান্ডার কে মুক্ত করাই এই অসম্ভব মিশনের মূল উদ্দেশ্য। দুই দিন ওখানে থাকে আরসালান। নিজের জীবনের ঝুঁকি নিয়ে কমান্ডার কে মুক্তও করে, কিন্তু এর মধ্যেই ভুল করে নিজেদের আর্মি বেজেই নিজেরা বিমান হামলা করে মার্কিন বাহিনী। সেটা আবার সাধারণ কোনো বোমা নয়, একেবারে রাসায়নিক বোমা। মার্কিনিরা চেয়েছিল এই নিষিদ্ধ বোমা হামলার দায় ওরা রাশিয়ানদের ঘাড়ে চাপাবে। কিন্তু ফল হয় উল্টো। নিজেদের বোমা হামলায় নিজেরাই সমূলে ধ্বংস হয়ে যায়। বিষক্রিয়ায় মারা যায় ঘাটিতে থাকা সবগুলো মার্কিন সৈনিক। আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকায় আরসালান বেঁচে যায়। কর্নেলের বাচ্চা মেয়েটাকে নিজের জীবন দান করে যান কমান্ডার। তাঁর নিজের মাস্কটা খুলে তিন বছরের বাচ্চা মেয়েটার মুখে পরিয়ে দেন। এভাবেই গল্পটি এগিয়েছে। যাওয়ার আগে আরসালান কে বলে গিয়েছিলেন তিনি, ফের দেখা হবে। কিন্তু পরে আর দেখা হয়নি। আরসালান নিজের মনেই সান্ত্বনা খোঁজে; যে জন্য সারা জীবন লড়াই করে গিয়েছেন কমান্ডার, মানুষ কে বাঁচানোর লড়াই, সেই কাজ করতে গিয়েই তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। কর্নেলের বাচ্চা মেয়েটাকে বড় করে তোলার জন্য নিজের কাছে নিয়ে যায় আরসালান। এভাবেই গল্পটা শেষ হয়ে গিয়েছে।