

"আজ সেই দিন। ১৯৪৮ সালের এই দিনটা হয়তো শিকাগো শহরবাসীর কাছে অন্য আর সব দিনের মতনই, কিন্তু আমাদের কাছে এটা এমন একটা দিন, যে দিনের কথা কেউ স্বপ্নেও ভাবতে চায় না। আজ আমরা প্রথম চেষ্টা করব। যদি আমরা সফল হতে পারি, তবে এটা হবে অত্যন্ত করুণ একটা ব্যাপার, তবু আমি আমার মা এবং তার বাকি তিন সন্তানদের দিকে তাকিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, আজ যেন আমরা সফল হতে পারি। যদিও আমি মন থেকে চাই না সফল হতে, যদিও আমি চাই, সময় নামক অদৃশ্য কুৎসিত রাক্ষসটা থেমে থাক, তবু, হে ঈশ্বর! আমাদের সফল কর। এটাই তোমার কাছে আমার শেষ লিখিত আবদার। কেননা, এরপরের সবগুলোই হয়তো হবে মৌখিক ইচ্ছা। কোন লিখিত আবদার নয়। কারণ, আমি আমার মজুদকৃত শেষ কাগজের টুকরার ওপর "মেরী'স ব্রেডিং কোম্পানী" র রশিদ পাতার উল্টো পিঠের সাদা অংশটায় ভূষি কয়লা গোলা কালির শেষ ফোঁটাটুকু খরচ করে এই লেখাটা লিখেছি। হায় ঈশ্বর, মাদাম মার্সিদের তুমি করসেট জোড়া ফিতেওয়ালা ফোলানো জামা; কাঠের টুকরো লাগানো চামড়ার উঁচু জুতো পরে, রোলস রয়েস চড়ে নাচের অনুষ্ঠানে দামী পানীয় পানের সামর্থ্য দিয়েছো, যদিও তাদের মধ্যে মার্সি'র ম-ও নেই, কিন্তু আমাদের তুমি তোমার প্রতি প্রার্থনা লেখার সামর্থ্যটুকুও দাওনি। যদিও আমার এবং তোমার মায়ের নাম একই।"