

উপন্যাস লেখাটা আকস্মিকভাবে। ছোটগল্প লিখতাম। ছোটগল্পে একটা দু’টো চরিত্র দিয়েই একটা গল্প শেষ হয়ে যায়। কিন্তু কয়েকটি চরিত্র বেশ কিছুদিন থেকে আমাকে আন্দোলিত করছিল। যার সূত্র ধরে উপন্যাস লেখার তাগিদটা তৈরি হয়। নিয়াজ মেধাবী ছাত্র, সদ্য পাশ করেছে বুয়েট থেকে। তার কয়েকজন বন্ধু, সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়েছে। তাদের সবার জীবনবোধের উপলব্ধি আলাদা আলাদা। নিয়াজ ও নিয়াজের বন্ধুদের চিত্র-বিচিত্র আলো আঁধারময় জীবনের আনন্দ-বিরহ, সুখ-দুঃখের কথা নিজস্ব অনুভূতি দিয়ে অনুভব করেছি। তাদের প্রাত্যহিক জীবনের ঘটনাগুলো একান্ত সহজ সরল ভাষায় লিখতে চেষ্টা করেছি। ‘ওরা কয়েকজন’ উপন্যাসটা তাই এক অর্থে আমাদের জীবনের গল্প।