

ঈমানের একটি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় হলো আখিরাতের ওপর ঈমান। একে যদিও সাধারণত ঈমানের অন্য অনেক মৌলিক বিষয়ের পর উল্লেখ করা হয়। কিন্তু ঈমানের অন্যান্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপনের এবং ঈমান অনুযায়ী আমল করার প্রকৃত প্রেরণা ও তাগাদা এখান থেকেই তৈরি হয়। আখিরাতের প্রতি ঈমানের প্রসঙ্গটি 'ঈমান বিল গাইব'-এর মধ্যে শামিল হওয়া সত্ত্বেও কুরআনের কোথাও কোথাও প্রথমে ইজমালিভাবে 'ঈমান বিল গাইব'-এর কথা উল্লেখের পর গাইবের অন্যান্য বিষয় ছেড়ে পুনরায় আখিরাতের ওপর ঈমানের কথা স্বতন্ত্রভাবে উল্লেখ করা হয়েছে। এর রহস্য এই হতে পারে যে, যেসব বিষয়ের প্রতি ঈমান আনা অপরিহার্য, তন্মধ্যে এ বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ। তা ছাড়া কুরআনের বহু জায়গায় ঈমানের বিষয়সমূহের মধ্যে আল্লাহর ওপর ঈমানের সাথে কেবল আখিরাতের ওপর ঈমানের কথা উল্লেখ করা হয়েছে; ঈমানের অন্য বিষয়গুলোর কথা উল্লেখ করা হয়নি। এর কারণ হলো, এ ঈমান ব্যতীত ঈমানের অন্য সকল বিষয়ের প্রতি ঈমান নিষ্ফল, অধিকন্তু এ ঈমান ব্যতীত ইসলামের হিদায়ত ও শিক্ষা থেকে উপকৃত হওয়া এবং সর্বপরিস্থিতিতে সত্য ও ন্যায়ের ওপর অটল-অবিচল থাকা সম্ভব নয়।