

হঠাৎ এক বৃষ্টিস্নাত বিকেলে আবিষ্কার হলো, সে আর আগের মতো নেই। তার দেহ, মন, হৃদয়... সবকিছুতে তখন অন্য কারোর রাজত্ব। প্রেমে পড়েছে সে। এই প্রেম যেন তেন প্রেম নয়। তাকে দেখা মাত্র হৃদকম্পন বেড়ে যাওয়া, মনটা আনচান করা, হঠাৎ হঠাৎ বুকে সূক্ষ্ম ব্যথা অনুভব করা... এসবই ভয়ংকরভাবে প্রেমে পড়ার লক্ষণ। ফাহমান স্থির দৃষ্টিতে তাকালো তরুণীর পানে। তরুণীর খিলখিল হাসিতে দমবন্ধ অনুভূতি হলো তার। অসহ্য রকমের ভালো লাগতে শুরু করলো প্রিয়তমার ঝুম ধরানো হাসি। মনে হলো, মানুষটা বুঝি শুধুই তার? মানুষটার এমন খিলখিলে হাসির কারণও কেবল সে। ভালো লাগায় তার মাথা খারাপ হয়ে গেলো। সে অবিবেচকের ন্যায় মুগ্ধ চোখে তাকালো প্রিয়তমার পানে, শুনলো তার মোহময়ী হৃদয় জুড়ানো হাসি।