

ভর-দুপুরে রোকসানা আপুর সঙ্গে ইলিনা শহরের ফুটপাত ধরে হাঁটছে। আকাশে ঝকঝকে রোদ। চারদিকে মানুষ। রিকশার টুংটাং শব্দ। গাড়ির সাইরেন। এমন পরিবেশে মানুষ নিশ্চিন্তে চলাফেরা করবে, এটাই স্বাভাবিক। তবুও আজ কী হচ্ছে এসব ইলিনার সঙ্গে! ভিড়ের মধ্যে আচমকা দেখে একটা ঝকঝকে ছু*রি চোখের সামনে চলে এসেছে। পলকেই পিছু হটে ইলিনা। গলায় কি লেগেছে? না ঠিকই আছে সে। কেবল সরতে গিয়ে টাল সামলাতে না পেরে ফুটপাত থেকে পড়ে যায় পিচঢালা রাস্তায়। কিন্ত ছু*রি লক্ষ্যচুত হলেও গিয়ে লাগলো রোকসানা আপুর বাহুতে। 'ওমাগো' বলে তিনি আর্তনাদ করে উঠলেন। ইলিনা পড়ে গিয়ে কনুইয়ে ব্যথা পেল। তবুও উঠে দাঁড়ায় সে। তাড়া করবে লোকটিকে। কিন্তু হায়, মাস্ক পরা লম্বাটে এই অ*স্রধারী গেল কোথায়? মাটির নিচে ঢুকে গেল না-কি আসমানে উঠে গেছে?
