

আপনি কি কখনও আবে-হায়াতের কথা শুনেছেন? এমন এক ঝর্ণা, যে ঝর্ণার পানি পান করলে অমর হওয়া যায়। অনেকে বলে, খিজির (আঃ) নামে এক নবী ওই পানি পান করেছিলেন। তিনি তাই পৃথিবীর শেষ দিনটি পর্যন্ত বেঁচে থাকবেন। তবে ওই ঝর্ণাধারা যে কোথায় আছে, তা কেউ জানে না! খিজির (আঃ) নামে যে নবীর কথা বলা হয়, তিনি ছিলেন বাদশাহ সিকান্দার যুলকারনাইনের রাজদরবারের একজন সভাসদ। একদিন বাদশাহকে তিনি জানালেন, সমুদ্রের ওপারে এমন একটি অন্ধকার দেশ আছে, যেখানে কখনও সূর্য ওঠে না। ওই দেশের পার্বত্য এলাকার কোনো এক গুহার মাঝে অমরত্বের ওই ঝর্ণাধারা রয়েছে। বাদশাহ যুলকারনাইন এই শুনে সেই পানির খোঁজে যাওয়ার সিদ্ধান্ত নেন। খিজির (আঃ) শর্তারোপ করে দেন, অন্ধকারের ওই দেশে আগুন জ্বালানোর কোনো সরঞ্জাম সঙ্গে নেওয়া যাবে না। কারণ, সমুদ্রের ওপারে ওই অন্ধকার দেশে গিয়ে আগুন জ্বালানোর কোনো নিয়ম নেই। অন্ধকারেই চলতে হবে। মূলত, ওটা ছিল জিনদের শহর কোহেকাফ। এজন্য ওখানে আগুন জ্বালানো বা আলোর ব্যবহার সম্পূর্ণ নিষেধ ছিল। কারণ, জিনেরা আলো পছন্দ করে না। অনেকে ধারণা করেন, জিনেরা হয়তো আবে-হায়াতের ওই ঝর্ণার পানি পান করেই হাজার-হাজার বছর ধরে বেঁচে থাকে।