

কিংবদন্তী আসলে কী? কিংবদন্তী হচ্ছে জনশ্রুতি, মুখে মুখে প্রচলিত কথা বা গল্প। কিন্তু, কিংবদন্তী কি নিছকই গল্প? এখানে একটা প্রশ্নবোধক থেকেই যায়...কারণ ইতিহাসের উৎস কিংবদন্তী। কিংবদন্তী প্রাচীন সমাজের সম্পদ। কিন্তু কিংবদন্তী পুরোপুরি ইতিহাস নয় আবার রূপকথাও নয়। সত্য ও কল্পনার মিশ্রণে সৃষ্টি হয় কিংবদন্তী। ইতিহাস যেখানে চুপচাপ, কিংবদন্তী সেখানে সরব। এটি হতে পারে ব্যক্তিকেন্দ্রিক, দেবদেবীকেন্দ্রিক, মেলা অথবা হতে পারে দিঘি কেন্দ্রিক। এর মূলধারা হলো এটি কোনো নির্দিষ্ট ব্যক্তিবিশেষের মেধা বা কল্পনায় প্রসবণ হয় না। যুগ যুগ ধরে এটি ঘুরেফিরে সাধারণ মানুষের মুখে। হয়তো কেউ শুনেছে তার দাদার কাছে, তার দাদা শুনেছে তার পরদাদার কাছে এভাবেই একসময় তা ঠাঁই নিয়েছে বিশ্বাসে। এটাই কিংবদন্তী। কিংবদন্তীর গল্পগুলোর কতক স্বতন্ত্র আবার কিছু কিছু একই ধাঁচের। তৎকালীন আচার-অনুষ্ঠান, ধর্মবিশ্বাস এমনকি রাজনীতির কাঁধে ভর করে সৃষ্টি হয় কিংবদন্তীর। আবার, এমনও ঘটনা ঘটে একই নাম, একই গল্প বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে কিছুটা পরিবর্তন নিয়ে। যেমন, একটার উদাহরণ দেই, "কমলা রাণীর দিঘি"। এই নামে চারটি দিঘির খোঁজ আমি পেয়েছি, প্রথমটি মৌলভীবাজারে, দ্বিতীয়টি বানিয়াচং-এ, তৃতীয়টি বরিশালে ও চতুর্থটি হচ্ছে নেত্রকোনার যার কিছু অংশ বর্তমানে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সময়কাল ভিন্ন, রাজার নাম ভিন্ন কিন্তু ঘটনার কী অদ্ভূত মিল! এমন হওয়াটা খুবই স্বাভাবিক। কারণ, আগেই বলেছি কিংবদন্তী হচ্ছে জনশ্রুতি কিংবা মুখে মুখে প্রচলিত কথা বা গল্প।