

আমার খালাতো বোন স্বাতী কিংবা মিতি আপু আমাকে অদ্ভুত অদ্ভুত সব কথা শোনাতো। ওদেরই মধ্যে যে কোনো একজন আমাকে তাঁর হবু বর হিসেবে ঘোষণা করেছিলো। বলেছিলো—আকাশ থেকে নাকি ছোট্ট সাদা পরীর দল নেমে আসার আগে ফুলের বৃষ্টি হয়, রঙিন ফুলে ফুলে ঢেকে যায় পৃথিবীর বিস্তৃত প্রান্তর। উত্তর মইশুন্দির মুখ ভেংচানো বানরগুলোর পাছা যে লাল ছিলো—এ বিষয়টাও আমি প্রথম খেয়াল করেছিলাম স্বাতী কিংবা মিতি আপুর কথা শুনে। আপুদের এসব গল্প আমি নেত্রকোণা ফিরে অলকাকে বলতাম। তাছাড়া কাগজ দিয়ে ফুল বানানো কিংবা কলাপাতাকে বৃষ্টির সময় ছাতা হিসেবে ব্যবহারের পদ্ধতিও আমি অলকাকে শিখিয়েছিলাম স্বাতী-মিতি আপুর কল্যাণেই। উত্তর মইশুন্দি জায়গাটা কোথায়, কিংবা ৮০-এর দশক সময়টা কখন—এ বিষয়ে ধারণা তৈরি হওয়ার মতো বয়স হয়নি আমার তখনো। স্বাতী-মিতি আপুরা থাকতো ওখানে এবং ঐ সময়েই। যদিও আম্মা আমাকে প্রতিবার ওদের বাসায় যাওয়ার সময় মনে করিয়ে দিতো, এলাকাটা পুরান ঢাকা নামের আরো বড় কোনো এলাকার মধ্যে। আব্বা আসতো না আমাদের সাথে, যদিও উত্তর মইশুন্দি ছিলো আমার খালা রোজির বাসা। আব্বা মনে হয় আমার দুই মামার মতোই রোজি খালাকে পরিত্যাগ করেছিলো। নানা-নানু মারা যাওয়ার পর ভাইদের অমতে খালু মইজুদ্দীনকে বিয়ে করার কারণে আমার রোজি খালা পরিত্যক্ত হয়েছিলেন তাঁর বিবাহপূর্ব পরিবারের কাছে। খালার অবশ্য ধারণা ছিলো—তাঁকে নানা-নানীর বিশাল সম্পত্তি থেকে ভাইয়েরা বঞ্চিত করার জন্যই সম্পর্ক ছিন্ন করার অজুহাত দেখিয়েছিলো। এই অনুমান সত্যি হলেও হতে পারে, কেননা আমার দুই মামা রোজি খালার মতো আমার মা'কেও নানা-নানীর সম্পত্তির ন্যায্য হিস্যা দেয়ার বেলায় বিভিন্নরকম টালবাহানা শুরু করলো।