
দিনের শেষভাগ এখন। সন্ধ্যার আযান দিবে কয়েক মুহূর্ত পরেই। পশ্চিম আকাশে সূর্য হেলে পড়েছে। ছোঁয়া ছাদের রেলিং ধরে খানিক উঁকি দেওয়া ডুবন্ত সূর্য দেখছে ঝাপসা চোখে। ওর চোখে জল জমেছে। কিছু না পাওয়া জিনিস পেয়ে ফেলার আনন্দে জল। কাল অন্য কারো সাথে আষাঢ়ের বিয়ের কথা শুনে যতটা অস্থির লাগছিল, ছোঁয়া টের পেল ওর আজকে তার থেকেও বেশি অস্থির লাগছে। হাত-পা কাঁপছে। ছোঁয়ার পাশে দাঁড়িয়ে আছে আষাঢ়। ছোঁয়া সামনে তাকিয়ে থাকলেও, আষাঢ়ের অপলক দৃষ্টি যে ওর পানে রয়েছে, সেটা ঠিকই বুঝতে পারছে ও। ছোঁয়া কিছু বলছে না। ও আজকে শুনতে চাচ্ছে। আষাঢ়ের কথা শুনতে চাচ্ছে। ওর অস্থির মন শান্ত করতে চাচ্ছে। ছোঁয়ার ভেতর বিস্ময় ভাবটা এখনো কাটেনি। ওর এখনো বিশ্বাস হচ্ছে না, আষাঢ়ের সাথে ওর বিয়ে ঠিক হয়ে গেছে। “ছোঁয়া।” ছোঁয়া চমকে উঠল। অবাক হলো। এই প্রথম আষাঢ় ওকে ওর নাম ধরে ডাকল। অশ্রুসিক্ত নয়ন তুলে ছোঁয়া দৃষ্টি ফেলল আষাঢ়ের দৃষ্টিতে। আষাঢ় ছোঁয়ার নিকটে আসলো খানিক। ছোঁয়ার অশ্রুসিক্ত নয়নের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। অতঃপর বৃদ্ধা আঙ্গুলের ডগা দিয়ে ছোঁয়ার চোখের কোণে জমে থাকা জল আলতোভাবে মুছে দিল। সেই স্পর্শে ছোঁয়ার ভিতর অদ্ভুত এক অনুভূতির শিহরণ হলো। চোখ বন্ধ করে নিল ও। আষাঢ় ছোঁয়ার চোখের জল দেখে কি বুঝলো জানা নেই। সহসা বলতে শুরু করলো, “ভালোবাসার জন্য নির্মল, স্বচ্ছ সুন্দর একটা মনের প্রয়োজন পড়ে, ছোঁয়া। বাহ্যিক সৌন্দর্যে কখনো ভালোবাসা হয় না। ভালোবাসার জন্য আপনার সুন্দর একটা মন আছে। আমি জানি আপনি আমায় আকাশের বিশালতার সমান ভালোবাসতে পারবেন। পারবেন না?”