
অংক স্যারের সাথে রিতুর বিয়ে। বাবার মুখে কথাটা শুনেই রিতিশ্মা রিতু চোখ বড় বড় করে তাকাল। ঘটনার সূত্রপাত, সপ্তাহ তিনেক আগে। বাবার সাথে রিতিশ্মা রিতু গিয়েছিল কাঁচাবাজারে। সেখানেই হঠাৎ দেখা হয়েছিল তার কলেজ টিচার ইফাদ স্যার এবং তার মায়ের সাথে। রিতিশ্মার বাবা বাবুল মিয়া সহজসরল মানুষ। রিতিশ্মার অংকে ফেইল করার দরুণ ইফাদ স্যারের সঙ্গে হালকা পাতলা পরিচিতি ছিল, বলে হঠাৎ করে বাজারে দেখা হওয়ায় নিজে থেকেই গিয়েছিলেন ভালো মন্দ জিজ্ঞেস করতে। তখন ইফাদ স্যারের সঙ্গে ছিল তার মা নাজিয়া ইসলাম। ভদ্রমহিলা ঘুরেফিরে রিতিশ্মাকেই বারবার দেখছিলেন। মা মা ডেকে কথা বলছিলেন ওর সাথে। ইফাদ স্যার পাশে থাকায় অস্বস্তি হলেও ব্যাপারটাতে রিতিশ্মার খারাপ লাগেনি। কিন্তু সেই দেখা থেকেই যে বিয়ের মতো একটা ব্যাপারে ঢুকে যাবেন, রিতিশ্মা রিতু কস্মিনকালেও ভাবেনি। সে বিষাদগ্রস্ত হয়ে বসে রইল। অংক স্যারকে বিয়ে? যে তার ফেল মারার ঘটনা জানে? কলেজপড়ুয়া এত বড় মেয়ে অংক না পারার অপরাধে ক্লাসে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে? তার খাতায় লাল কালির দাগ কাটে সেই স্যারকে বিয়ে? স্বপ্নেও অসম্ভব! রিতিশ্মা চোখে সব অন্ধকার দেখল। টাল সামলাতে ব্যর্থ হয়ে হুঁশ হারিয়ে পড়ে যেতে নিলে ওর বড় বোন ইশিতা এসে ওকে ধরে উৎকণ্ঠিত হয়ে বাবাকে ডাকল। বাবুল মিয়া মেয়েকে হুঁশহারা হতে দেখে উত্তেজিত হয়ে পড়তেই রিতিশ্মা দুর্বল হয়ে আসা কণ্ঠে বলল, -- আমি বিয়ে করব না বাবা। বাবুল মিয়া হতভম্ব হলেন না। ব্যাকুল কণ্ঠে বললেন, -- কেন করবি না? রিতিশ্মা রিতু রাগে-হতাশায় নিমজ্জিত কণ্ঠে বলল, -- আমি অংকে ফেল করেছিলাম। তুমি ভুলে গেছ? এটুকু বলেই রিতু জ্ঞানশূন্য হলো। বাবুল মিয়া জিভ কাটলেন। আরে! ব্যাপারটা তো তিনি ভুলেই গেছিলেন। এবার কী হবে? তিনি তো পাত্রপক্ষকে পজিটিভ মতামত দিয়ে এসেছেন!
খুবই সুন্দর একটা মিষ্টি প্রেমের গল্প। অঙ্কে ফেলটুস রিতু আর তার অংক স্যারের মজার দাম্পত্য খুবই ভালো লাগলো।
Read all reviews on the Boitoi app