

আমার আম্মু প্রায়ই বলত, আমার ভাইয়ের মাঝেই আমার বাবার বসবাস। একসাথে সে দুটো দায়িত্ব পালন করবে। বাবার মতো ভালোবাসবে আবার ভাইয়ের মতো। কিন্তু বিশ্বাস করুন, আমি ভাইয়ার মধ্যে কখনোই বাবাকে খুঁজিনি। সবসময় চেয়েছি ভাইয়ার মতোই ভালোবাসুক, আদর করুক, শাসন করুক, রাগ করুক। কিন্তু! বিয়ের পরেই আমার ভাইয়াটা হারিয়ে যেতে লাগল ধীরে ধীরে। আগের মতো ভালোবাসে না, আদর করে না, খেয়াল রাখে না, ঠিকমতো কথা বলে না। উল্টো আমাকে বকে, যাই করি না কেন দোষ হয়ে যায়। ভাইয়ার রুমে তো যাওয়াও বিরাট অপরাধ! এই পরিবর্তনটা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছিল, আমি অভাববোধ করতে শুরু করলাম। বাবার নয়, ভাইয়ার অভাববোধ! আমার কী মনে হয় জানেন? একজনের মতো আরেকজন নয়, নিজের সম্পর্কটাকেই পরিপূর্ণভাবে একাগ্রচিত্তে পালন করা উচিত। এতেই সামনের মানুষটির দুঃখ লাঘব হবে। উপরন্তু অন্য অভাবটাও পূরণ হয়ে যাবে। মানুষ ভালোবাসা চায়, শক্ত ও নিরাপদ আশ্রয় চায়, সেটা যে কারো দ্বারা হতে পারে। বাবা, মা, ভাই, বোন, চাচা, মামা অথবা স্বামী!