

ঘরটা নিস্তব্ধ, এমন সময় হঠাৎ ফোনটা বাজতে শুরু করল— সেই চেনা iPhone টোন, ‘টান… ডা… ডান্…’ করে ঘরের নীরবতা ভেঙে দিল। সাওয়ান চোখ বন্ধ করেই হাত বাড়াল ফোনের দিকে, ফোন টা হাতে নিয়ে মুখের সামনে নিয়ে আসতেই দেখলো রাত " 3:02" বাজে। ফোন স্ক্রিনে ভেসে উঠলো " Unknown Number ''। মুখটা কুঁচকে গেল। বিরক্ত ভঙ্গিতে ফিসফিস করে বলল, “এতো রাতে কে আবার ফোন দিলো?” কিছুক্ষণ দ্বিধায় কাটাল সাওয়ানের, তারপর ক্লান্ত আঙুলে ‘রিসিভ’ বাটনে চাপ দিল। ধীরে ধীরে ফোনটা কান বরাবর তুলল। নরম কাঁথার নিচে সারা ঘরটা তখনও নিস্তব্ধ। ...আর ঠিক তখনই... একটা কণ্ঠ ভেসে এলো। একটা মেয়ে কণ্ঠ। নরম, শান্ত, অথচ গলার গভীরে একধরনের অপার্থিব চেনাভাব। কথা বলার ধরণটা যেন ঠিক যেমনটা তার স্মৃতিতে গেঁথে আছে, একদম অক্ষত, একটুও বদলায়নি। “তুমি এখনো ঘুমাওনি?” মেয়েটির কণ্ঠে ছিল এক অদ্ভুত মায়া। সাওয়ান স্থির হয়ে গেল। চোখ বড় হয়ে উঠল তার। নিঃশ্বাসটা আটকে গেল কিছুক্ষণের জন্য। ফোনটা যেন তার কানের কাছে নয়, বরং হৃদয়ের কোথাও গিয়ে ঠেকেছে। এ কণ্ঠ সে চেনে,খুব চেনে। ঠিক যেমন কেউ হাজার মানুষের ভিড়েও চেনা কারো নাম শুনলে থমকে দাঁড়ায়,এই অনুভূতিটা যেন তেমনই। সওয়নের বুক ধক করে উঠল। ঠোঁট শুকিয়ে এলো। সে ফিসফিস করে বলল, "তুমি?" একটা চেনা নীরবতা ছুঁয়ে গেল মুহূর্তটাকে। মেয়েটি মৃদু হাসির মতো কণ্ঠে বলল— "চিনতে পেরেছো আমাকে?" সওয়নের চোখ অজান্তেই জানালার দিকে চলে গেল। চাঁদের আলো মুখ ছুঁয়ে যাচ্ছে। তার কণ্ঠে অদ্ভুত এক নরম অভিমান— "তোমার কণ্ঠটা এত বছর পরেও ঠিক আগের মতোই... না চেনার তো প্রশ্নই আসে না।" ওপাশে হালকা নিঃশ্বাসের শব্দ। তারপর মেয়েটি বলল— "হুমম... বুঝতে পেরেছি।" একটু চুপ থেকে সওয়ন জিজ্ঞেস করল— "কি মনে করে, এত বছর পর... এত রাতে কল করলে?" মেয়েটি হালকা দম নিয়ে বলল, "কখনো তো খোঁজ নাওনি আমার... তাই এবার আমিই নিলাম। কেমন আছো?"