

‘ভালোবাসি’ শব্দটি উচ্চারণ করা ব্যতীত মানুষ যে অলিখিত বন্ধনে আবদ্ধ থাকে, তাকে আসলে কী নাম দেওয়া যায়? এটা তো প্রেম না। আবার ভালোলাগা থেকেও এর গভীরতা অনেক। সুভাষকে আনমনে বিড়বিড় করতে দেখে জয়ীতা ডাকলো গলা খেকড়ে, — সুভাষ’দা? সুভাষ’দা! সেই কখন আসলাম আমি, আর তুমি কিনা আমাকে গুরুত্বই দিচ্ছ না? সুভাষ চোখ তুলে জয়ীতাকে দেখলো একবার, তারপর আয়নায় দৃষ্টি আবদ্ধ করে শার্টের কলার ঠিক করলো। আয়নায় প্রতিফলিত জয়ীতার বিরক্তিতে কুঁচকে যাওয়া মুখ দেখে সুভাষ হাসলো নিজ ভঙ্গিতে, তবে তা সম্পূর্ণটাই জয়ীতার অগোচরে। জয়ীতা আবার ডাকলো, — সুভাষ’দা? সুভাষ এবার তাড়া দেখিয়ে বললো, — কী হলো বল, দেখছিস না তৈরি হচ্ছি, অফিস যাবো। জয়ীতা ঠোঁটে হাসি ঝুলিয়ে বললো, — ভাবছি একদিন তোমার অফিস যাবো! সুভাষ জয়ীতার দিকে ঘুরে বললো, — কেন? জয়ীতা কাচুমাচু হয়ে বললো, — এমনি। মনে মনে বিড়বিড় করলো, “কোন মেয়ে তোমাকে চোখ দিয়ে গিলে খায় কিনা দেখতে হবে না! অফিসে তো শুনেছি সুন্দরী মেয়েরা আসে।”