

রাত প্রায় পৌনে তিনটা। মুনার স্বামী হাসান অফিস থেকে তিন দিনের ট্যুরে সিলেট গিয়েছে। একা-একা তার কেমন ভয়-ভয় লাগছে। ক্রমশ রুমের তাপমাত্রা কমে হিমশীতল হয়ে যাচ্ছে। অদ্ভুত অস্বস্তি লাগছে। প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও গায়ে জ্বালা-পোড়া হচ্ছে। হঠাৎ লক্ষ্য করে, রুমের ভেন্টিলেটরের মধ্য দিয়ে দ্রুত বেগে একরাশ ধোঁয়া ভিতরে ঢুকছে। ধোঁয়াটা ঘুরপাক খেতে-খেতে কুণ্ডলি পাকিয়ে দানব আকৃতির একটা অবয়বে পরিণত হয়। অবয়বটা বাতাসে ভর করে ভাসতে-ভাসতে মুনার দিকে এগোতে থাকে। প্রচণ্ড ভয়ে চিৎকার করতে চায় মুনা, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের করতে পারে না। হাত-পা যেন পাথর হয়ে বিছানার সাথে সেঁটে গিয়েছে। দানব আকৃতির অবয়বটা এসে মুনার উপর চড়াও হয়।