

নামাজের সুন্নাহর মধ্যে একটি হলো হাত উঠানো ও বাঁধা। এ ব্যাপারে নবিজির মৌখিক বর্ণনা থেকে বাস্তবিক আমলের পদ্ধতি সাহাবিদের আমলের মাধ্যমে বেশি এসেছে, কারণ বিষয়টি সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল করেছেন। কোনভাবেই এটা বলার সুযোগ নেই যে সাহাবিদের কথা মানা যাবে না, আবু বকর ও ওমর রা.-এর কথা মানা যাবে না। কেননা কোন সাহাবি নিজের থেকে আমল করেননি; বরং নবিজির থেকে যা শুনেছেন ও নবিজিকে যা করতে দেখেছেন, সেগুলোই নিজেরা আমল করেছেন। যে সাহাবিরা নবিজির কথায় দ্বীনের জন্য নিজের জীবন কুরবান করেছেন, তারা কখনো নবিজির আমলের বিপরীত বা কথার বিপরীত আমল করবেন, এটা কোনভাবেই সম্ভব নয়। সুতরাং আমরা নামাজে হাত উঠানো ও বাঁধার বিষয়টি নবিজির মৌখিক বর্ণনা, নবিজির আমল এবং সাহাবা-তাবেয়িনের আমলের আলোকে ছোট্ট কলেবরে পুস্তিকাটি সাজিয়েছি। আশা করি সবার নিকট বিষয়টি স্পষ্ট হবে এবং সঠিকভাবে আমল করার জন্য পাথেয় হবে। আল্লাহ তায়ালা এ পুস্তিকাটি কবুল করুন এবং পুস্তিকা প্রকাশে সহযোগিতাকারীদেরও কবুল করুন। আমিন।