

ইলমে নাহুর প্রয়োজনীয়তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- تركت فيكم امرين لن تضلوا ما تمسكم بهما كتاب الله وسنة رسوله আমি তোমাদের নিকট দু'টো বিষয় রেখে গেলাম। যতদিন তোমরা এ দু'টোকে আঁকড়ে ধরে রাখবে, ততদিন কখনোও পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহর কিতাব এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা সর্বজনীন স্বীকৃত ও দিবালোকের ন্যায় সুস্পষ্ট যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মাতৃভাষা আরবী হওয়ায় তাঁর বাণী, অর্থাৎ হাদিসের কিতাবগুলো রচিত হয়েছে আরবী ভাষায়ই। আর কুরআনুল কারীমের ভাষাও আরবী। সুতরাং কুরআনুল কারীম ও হাদিস শরীফ বুঝতে হলে আরবী ভাষা সম্পর্কে সম্যক জ্ঞান থাকা আবশ্যক। কোন ভাষা শিক্ষা করা নির্ভর করে উক্ত ভাষার ব্যাকরণ শাস্ত্রের উপর। আর আরবী ভাষার ব্যাকরণ শাস্ত্রের দু'টি দিক রয়েছে: একটি হলো নাহু, অপরটি হলো সরফ।