

শফিক সাহেব মা'কে গিয়ে বললেন, "কি ব্যাপার মা? নাশতা করবেন না?" আছিয়া খাতুন পানের বাটা থেকে এক টুকরো জর্দা দেওয়া সুপারি মুখে পুরে বললো, "না খামু না। তোর তো খাওয়ার মুখ কমানো দরকার, তাই আমি চিন্তা করছি উপোস দিমু।" শফিক সাহেব শুকনো মুখে বললো, "মা, বাচ্চামি কইরেন না। আসেন নাশতা করতে।" আছিয়া খাতুন পা নাড়তে নাড়তে বললো, "আমি বাইচ্চা, তাই বাইচ্চামি করি। তুই বুড়া তো, বুড়ামি কইরা আমার নাতিরে রাইতে না খাওয়াইয়া রাখছোস। আমি যদি বুড়ামি করতাম তোর মতো, তাইলে রাইতে তোর এই কাজের জন্য তোরে ঠাইসা একটা চটকনা মারতাম। কথা না কইয়া বাইর হ।" শফিক সাহেব নরম গলায় বললো, "মা, আপনি এমন অবুঝ হইয়েন না। আসেন নাশতা করতে।" আছিয়া খাতুন কঠোর গলায় বললো, "যেখানে আমার নাতি না খাইয়া থাকে, সেখানে আমি কিছুতেই খামু না। আমার শেষ কথা। আমার লগে আর একটা কথা কবি, আমি কবিররে কমু, আমারে আইসা নিয়ে যাইতে। তোর বাসাতেই থাকমু না আমি।" শফিক সাহেব বুঝলেন মা এত সহজে ছাড়বে না। তাই বাধ্য হয়ে বললেন, "আচ্ছা ঠিক আছে মা। আমার ভুল হইছে। আমি আর কোনো দিন ও এরকম করবো না আপনার নাতির সাথে। আসেন, এখন ওসহ একসাথে বসে নাশতা করবো। আমার অফিসের সময় যাচ্ছে মা।" আছিয়া খাতুন বিছানা থেকে নামলেন ছেলের কথা শুনে। তারপর খাওয়ার টেবিলের দিকে গেলেন। আদিব তখন বের হওয়ার জন্য রেডি হচ্ছে। শফিক সাহেব চেয়ারে বসতে বসতে বললেন, "বাবু, নাশতা করতে আয়।" নাহার কেমন হতবাক হয়ে তাকিয়ে রইলো স্বামীর দিকে। আদিব কিছুটা বিব্রত হলো আব্বার এরকম নরম সুরের কথা শুনে। মনে হচ্ছে কতো হাজার বছর পর যেনো আব্বা তাকে বাবু বলে ডেকেছেন। এই মুহূর্তে আদিবের মনে হচ্ছে সে যেনো সেই ছোট্ট বেলায় আছে। আজকে তার স্কুলে বৃত্তি পরীক্ষা। এখনই নাশতা করে আব্বার সাথে বের হবে পরীক্ষা দিতে। এখন নাশতার টেবিলে বসলে আব্বা তাকে বুঝিয়ে বলবে, "ভয় পাস না বাবু। বৃত্তি পাওয়া না পাওয়ায় কিছু আসে যায় না, তুই যে পরীক্ষা দিচ্ছিস এটাই বড়।" আদিবের চোখ জ্বলতে লাগলো। যেকোনো মুহূর্তে কান্না আসবে। কথা না বাড়িয়ে আদিব ডাইনিং টেবিলে এলো। আব্বার পাশের চেয়ারে বসে এক গ্লাস পানি খেলো। তারপর উঠে চলে গেলো। শফিক সাহেব হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। ছেলের এই বেয়াদবি তিনি কিছুতেই মেনে নিতে পারলেন না। নিজের রাগ সামলাতে না পেরে সেমাইয়ের বাটিতে এক গ্লাস পানি ঢেলে দিয়ে চলে গেলেন।
শেষটা আশানুরূপ আনাকাঙ্ক্ষিত সমাপ্তির মতো...😔 কিন্তু গল্পটা আসলেই অনেক সুন্দর। আশা করছি এমন গল্প বার বার পাবো
Read all reviews on the Boitoi app