

আলোচিত গ্রন্থটি মুসলিম বিশ্বের ইলমী পুরোধা শায়খুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী দা.বা.-এর রিসালা 'ইসলাম আওর সিয়াসতে হাযেরা'র সরল বাংলা অনুবাদ। গ্রন্থটিতে মুসলিম বিশ্বের কিছু আন্তর্জাতিক সমস্যা ও তার পর্যবেক্ষণ এবং মুসলিম দেশগুলোতে প্রচলিত পাশ্চাত্যধারার রাজনীতি তথা মুসলিম বিশ্বে বিছিয়ে দেওয়া পাশ্চাত্য ষড়যন্ত্রের জাল এবং তাতে ফেঁসে যাওয়ার পরিণতি সম্পর্কে আলোকপাত করা হয়েছে। বিষয়বস্তুর বিবেচনায় গ্রন্থটি খুবই সময়োপযোগী। পাশ্চাত্যগ্রস্ত মুসলিম বিশ্ব বর্তমানে ইতিহাসের সবচেয়ে নাজুক সময় অতিক্রম করছে। বৈষয়িক উন্নতির ডামাডোলে বস্তুবাদের গ্রাসে আমাদের দীন-ঈমান-ইসলাম ও ইসলামী স্বাতন্ত্র্য ও ঐতিহ্য অতীতের যে কোনো সময়ের তুলনায় ঝুঁকির সম্মুখীন। এ অবস্থায় আমাদের আত্মসচেতনতা, আত্মজাগরণ ও দায়িত্বানুভূতি সৃষ্টির জন্য সমস্যার স্বরূপ ও বাস্তবতা এবং তার প্রকৃতি ও চরিত্র সম্পর্কে স্পষ্ট ধারণা লাভের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য।