

কুরআন কারীমের পর হাদীসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী বিধান ও তালীমের দ্বিতীয় প্রধান উৎস। বরং প্রকৃত অবস্থা হল, স্বয়ং কুরআন কারীমকে সঠিকভাবে বুঝা, তার থেকে বিধান উদঘাটন করা এবং তার উপর আল্লাহ তাআলার সন্তুষ্টি মুতাবিক আমল করাও রাসূলে কারীম সা. এর তালীম ও দিকনির্দেশনা ব্যতীত সম্ভব নয়। কিন্তু কিছুদিন ধরে কিছু ব্যক্তি হাদীসে নববীর প্রামাণ্যতা ও তার গুরুত্বকে সন্দেহযুক্ত করার চেষ্টা করেছেন। এ ব্যাপারে বিভিন্ন প্রকার সংশয় সৃষ্টি করেছেন। এ ধরনের সন্দেহ ও সংশয় দূর করার জন্য উর্দুতে যথেষ্ট পরিমাণের সাহিত্য প্রস্তুত হয়ে গেছে। কিন্তু ইংরেজি ভাষায় এমন একটি সংক্ষিপ্ত পুস্তকের প্রয়োজন অনুভূত হচ্ছিল, যেটি সংক্ষিপ্ত সময়ে হাদীসের পরিচয় প্রদান করে ওই সকল সন্দেহকে দূরীভূত করতে পারে, যা একজন সাধারণ মানুষের মনে সৃষ্টি করে দেয়া হয়েছে।