

বাসে উঠে এদিক-ওদিক তাকিয়ে কোনো আসন না পেয়ে হতাশায় আরও পাঁচ-ছয়জন দাঁড়িয়ে থাকা যাত্রীর মতো মাথার উপরের লম্বা রডটিতে ধরতেই মিসেস জামাল প্রচণ্ড ঝাঁকুনিতে পড়ে যান সামনের আসনে বসে থাকা যাত্রীর উপর। মিসেস মোহসীনা জামাল, মাত্র ষাট পেরিয়ে যাওয়ার বয়সেও প্রায় প্রতি মাসান্তে স্বামীর পেনশনের টাকা তুলতে ঢাকার শেওড়াপাড়া থেকে মতিঝিল সোনালী ব্যাংকে যেতে হয়। জামাল সাহেব মারা গেছেন প্রায় ছয় বছর। মাঝে মাঝে এর হিসাব মিলাতে গিয়ে নিজের অঙ্কের মাথা খারাপ ভেবে হিসাব মিলাতে পারেননি। জামাল সাহেবের সাথে মোহসীনা বেগমের বয়সের ব্যবধান চার বছরের একটু বেশি; সে হিসেবে এখন তিনি মৃত থাকার কথা। কিন্তু স্রষ্টার হিসাব খুবই অন্যরকম, অনেক সময়ই কোনো কোনো হিসাব মিলাতে পারেন না তিনি, মাঝে মাঝে এজন্য খুব অস্থিরও লাগে। তারপরও...!