

আপনি যদি আগে পুত্রবধূকে নিজের মেয়ের মতো দেখেন, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনার পুত্রবধূ আপনাকে নিজের মায়ের মতো দেখবে। আর আপনি যদি তাকে মেয়ের মতো দেখতে না পারেন, তাহলে কিভাবে আপনি তার থেকে মায়ের মর্যাদা আশা করেন? মায়ের মর্যাদা পেতে হলে আপনার মনে আগে পুত্রবধূকে মেয়ের স্থান দিতে হবে। আচ্ছা, আপনি নিজে একটু চিন্তা করুন— আপনি কত কষ্ট করে সন্তান গর্ভে ধারণ করে সন্তান লালন-পালন করে অর্থ ব্যয় করার পর সন্তানের থেকে মর্যাদা আর ভালোবাসা আশা করেন। অথচ পুত্রবধূর ক্ষেত্রে এমন ত্যাগ স্বীকার তো দূরের কথা; বরং তাকে মেয়ের মতো না দেখেও কিভাবে তার থেকে মায়ের মর্যাদা আশা করেন? মনে রাখবেন— মায়ের মর্যাদা আপনি তখনই পাবেন, যখন আপনি তাকে মেয়ের স্থান দিবেন। যেমন লোকমুখে একটি প্রসিদ্ধ কথা বলতে শোনা যায়- "কিছু পেতে হলে কিছু দিতে হয়" ঠিক তেমনিভাবে আপনাকেও আপনার উপযুক্ত মূল্য পেতে হলে পুত্রবধূকে মেয়ের চোখে দেখতে হবে। তবেই আপনি আপনার সঠিক মূল্যায়ন পাবেন। তাহলে শাশুড়ির উচিত পুত্রবধূকে নিজের ছেলের বউ নয়; বরং নিজের মেয়ে মনে করা।