

'সৌরভ আয়নায় কি দেখিস?' সৌরভ হেসে বলল, 'মোটা ফ্রেমের চশমা পরা এক বালিকাকে, যে প্রথম দর্শনে আমার হৃদয়ে ঝড় তুলেছিল।' সবাই শব্দ করে হাসতে লাগল। আমি লজ্জা পেয়ে অন্য দিকে তাকালাম। সৌরভ শক্ত করে আমার হাত চেপে ধরল। ছোটোবেলার পর আমাদের প্রথম কথা হলো বাসর ঘরে। আমি বধূবেশে বসে ছিলাম। সৌরভ এসে বলল, 'কেমন আছো?' আমি মাথা নাড়িয়ে বললাম, 'ভালো আছি।' 'আমাকে বিয়ে করতে রাজি কেন হলে?' আমি উল্টা প্রশ্ন করলাম, 'আমাকে পছন্দ করতেন কবে থেকে?' সৌরভ উঠে গিয়ে একগাদা চিঠি এনে আমার হাতে দিল। বলল, 'এখানে এক হাজার চিঠি আছে, যা আমি বিভিন্ন সময় তোমাকে লিখেছিলাম, কিন্তু কখনো তোমাকে পাঠানোর সাহস হয়নি।'