

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ দয়া এবং অপার মেহেরবানীতে বাংলাদেশের রাজধানী ঢাকার দোহারে অবস্থিত আল জামিআতুল ইসলামিয়া ফজলে খোদা-এর ফাতাওয়া বিভাগ থেকে বের হচ্ছে ফাতাওয়ায়ে কাসেমীয়া। উক্ত জামিআর প্রতিষ্ঠাতা ওলীয়ে কামেল হযরত ক্বারী রজব আলী (রহ.)। পরবর্তীতে, জামিআর অভাবনীয় পরিবর্তন ও উন্নতির জন্য যিনি চেষ্টার অবদান রেখেছেন, তিনি হলেন শাইখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী (রহ.)-এর শাগরেদ, ওলীয়ে কামেল আলহাজ্ব হযরত মাওলানা আবুল কাসেম চৌধুরী সাহেব (রহ.)। জামিআর মুখলিস আসাতেযায়ে কেরাম এবং হক ও ইনসাফের পতাকাবাহী দ্বীনী শিক্ষার যথার্থ প্রসারে আত্মনিবেদিত একদল মর্দে মুজাহিদীনের সীমাহীন ত্যাগ, কুরবানী ও অক্লান্ত শ্রমের বদৌলতেই আজ জামিআ সর্বোচ্চ ক্লাস দাওরা-ইফতা পর্যন্ত পৌঁছেছে এবং তালীম, তাবলীগ ও তাযকিয়াসহ দ্বীনের বিভিন্ন লাইনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। বিজাতীয় অপসংস্কৃতির বিষফল থেকে মুসলিম উম্মাহকে রক্ষা, দ্বীনি ইলম ও ইসলামী তাহযীব-তামাদ্দুনকে সংরক্ষণ ও প্রচার-প্রসারের সুমহান উদ্দেশ্যকে সামনে রেখে, আসহাবে সুফফার সেই মহান শিক্ষাকে পুনঃজাগরণের প্রত্যয় নিয়ে হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা কাসেম নানূতবী (রহ.)-এর নেতৃত্বে দারুল উলূম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল।