

বয়সের ভারে প্রবীণরা ন্যুব্জ হয়ে পড়েন। প্রবীণ বয়সে নানারকম শারীরিক ও মানসিক রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, যার মধ্যে অন্যতম হলো স্মৃতিভ্রষ্টতা বা স্মৃতিলোপ, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যাকে ডিমেনশিয়া বলা হয়। এই রোগটি বিশ্বব্যাপী এক নিরব ঘাতক হয়ে দেখা দিয়েছে গত কয়েক দশকে এবং আমাদের সমাজেও তা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। প্রায় প্রতিটি পরিবারে বাবা-মা, দাদা-দাদি বা কোনো প্রবীণ সদস্যের উপস্থিতি রয়েছে, কিন্তু এ ব্যাপারে আমাদের সমাজে জনসচেতনতা প্রায় শূন্যের কোঠায়। শিক্ষিত শ্রেণির মধ্যেও এ রোগ, তার কারণ, উদ্ভব, ধরণ ও প্রকৃতি, প্রতিকার ও পরিচর্যা নিয়ে সচেতনতার অভাব রয়েছে, ফলে লক্ষ লক্ষ বয়স্কজন তাদের জীবনে যথাযথ সেবাযত্ন পান না।