

পরিবহনের জন্য ড্রাইভারের প্রয়োজন হয়, এবং বিমান উড্ডয়নে পাইলটেরও প্রয়োজন হয়। পরিবহণ বা বিমান রিমোট কন্ট্রোল হলেও, রিমোট পরিচালনার জন্য ড্রাইভারের প্রয়োজনীয়তা অত্যাবশ্যক। পৃথিবীতে যখন মাত্র দুইজন মানুষ ছিলেন, তখনও তাদের মধ্যে একজন ড্রাইভার ছিলেন। মানুষের ড্রাইভার হলো নেতা, এবং রাষ্ট্রের ড্রাইভার হলো রাষ্ট্রপ্রধান। পৃথিবী নামক এই পরিবহনের শুরু থেকে ড্রাইভার ছিল, এবং কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ড্রাইভার থাকবে। শিয়া ও সুন্নী মুসলিম সম্প্রদায়ের মধ্যে দুটি বড় সম্প্রদায় রয়েছে। শিয়াদের সাথে সুন্নীদের ঐক্যমত না হওয়ার অনেকগুলি কারণ রয়েছে, যার মধ্যে প্রধান কারণ হলো নবী করিম (সা.)-এর পর খলিফা নির্বাচন। উল্লেখ্য, নবী করিম (সা.)-এর ওফাতের তিন দিন পর প্রথম খলিফা হিসেবে নির্বাচিত হন হযরত আবু বকর (রা.)। কিন্তু এ ব্যাপারে শিয়া সম্প্রদায়ের দাবি, হযরত আলী (রা.)-এর খেলাফতের হক ছিল। মূলতঃ এই খেলাফতের ব্যাপারেই শিয়া ও সুন্নী সম্প্রদায়ের মধ্যে অনৈক্যের প্রধান কারণ। আমি যখন শিয়া ও সুন্নীদের অনৈক্যের কারণ জানতে পারলাম, তখন এ বিষয়টি নিয়ে স্থানীয় সুন্নী আলেমদের সাথে আলোচনা করেছি। কিন্তু মৌখিক আলোচনায় সঠিক কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। মৌখিক আলোচনায় কেউ কারো কাছে হার মানতে চায় না, ফলে ঝগড়া-বিবাদ ও বাগ-বিতণ্ডার সৃষ্টি হয়। তাই মনে করলাম, লিখিত প্রশ্ন ও লিখিত জবাব পেলে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যাবে। লিখতে গিয়ে ছোটখাটো একটি গ্রন্থ হয়ে গেছে।