

মহান আল্লাহ রাব্বুল আলামিন এতই দয়াবান যে, তিনি এ পৃথিবীতে মানুষকে সৃষ্টির পর তাদেরকে হেদায়াতের জন্য নবী-রাসূলগণকে প্রেরণ করেছেন, যারা মানবকূলকে সর্বোচ্চ শাশ্বত ও কল্যাণের পথে নেতৃত্ব প্রদান করেছেন। প্রত্যেক যুগেই এই দুনিয়ায় ঐশ্বরিক নেতৃত্বের উপস্থিতি বিরাজমান ছিল। মহানবী হযরত মুহাম্মাদ (সা.) হলেন সেই নবুওয়্যাতের ধারার সর্বশেষ রাসূল। পূর্ণাঙ্গ জীবন-বিধানকে তিনি মহান আল্লাহর ইচ্ছায় এই দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করে ইহলোক ত্যাগ করেছেন। মানুষের জীবন-ব্যবস্থাকে তিনি এমনভাবে নির্ধারণ করে দিয়েছেন যে, আর কোন নবী-রাসূলের প্রয়োজন নেই। তিনি মহান আল্লাহর নির্দেশে মানুষের জন্য সুন্দর জীবন-ব্যবস্থা হিসেবে ইসলামকে নির্ধারণ করার সাথে সাথে এর শিক্ষা বাস্তবায়নের জন্য শিক্ষক ও অভিভাবক হিসেবে ইমামগণের পরিচিতও সুনির্দিষ্ট করে দিয়েছেন। এ মহান ইমামগণই রাসূল (সা.)-এর পরে ইসলামের শিক্ষা বাস্তবায়নের মূল কান্ডারী।