

দারুল আরকাম মাদরাসা যশোরের বার্ষিক মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য খতীবুল ইসলাম মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী দা.বা. এর মাদরাসা- মাদরাসায়ে নূরে মদীনা শায়েস্তাগঞ্জ গিয়েছিলাম এপ্রিল ২০১৬ তে। সার্বিক কাজ শেষে বিদায়ের সময় হযরতের সাহেবজাদা, বন্ধুবর মাওলানা কামরুল ইসলাম ভাই "তথাকথিত আহলে হাদীস ফিৎনার জবাব" নামের একটি কিতাব হাদিয়া দিলেন। আসলে কিতাবটি জামি'আ এমদাদিয়া কিশোরগঞ্জের দেওয়া মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী দা.বা. এর দীর্ঘ পাঁচ দিনের ধারাবাহিক বয়ানের একটি চমৎকার সংকলন। এটি বর্তমান সময়ের চরম ফিৎনাবাজ তথাকথিত আহলে হাদীসদের ফিৎনা এবং তার জবাব সম্বলিত একটি অসাধারণ কিতাব। আলোচনা বিস্তারিত হওয়ায় কিতাবটি প্রায় তিনশো পৃষ্ঠার আকার ধারণ করেছে। খুব অল্প সময়ের মধ্যে কিতাবটি পড়ে শেষ করলাম, তবে সাধারণ মানুষকে তথাকথিত আহলে হাদীসদের ফিৎনা থেকে বাঁচানোর উদ্দেশ্যে তিনশো পৃষ্ঠাকে ত্রিশ পৃষ্ঠার আকৃতি দিতে কিতাবটি পুনরায় পড়া শুরু করলাম। যদিও কাজটি ছিল খুবই কঠিন, আল্লাহ তা'আলার সাহায্যে হাল হওয়ায় দীর্ঘ দিন পরে হলেও কাজটি সমাপ্ত হল। অতি সংক্ষিপ্ত এই সংকলন দ্বারা আমার জলবে মানফা'আত নয় বরং দফয়ে মুযাররাতই উদ্দেশ্য, তথা পাঠক বইটি পড়ে কাউকে বুঝিয়ে সঠিক রাস্তায় নিয়ে আসবে এমনটি নয় বরং সে নিজে নিজেকে এই ফিৎনা থেকে রক্ষা করতে পারবে, এটাই উদ্দেশ্য। তার পরও যার পাত্র যেমন, সে তেমনভাবে বিষয়টি গ্রহণ করবে। এর পরও দফয়ে মুযাররাতের উদ্দেশ্যে যদি কেউ ব্যাঘাত ঘটাতে আসে, তবে সংকলনটির শুরুতে সব ধরনের পাঠকের জন্যই রয়েছে প্রতিপক্ষের মুখ বন্ধ করানোর মতো দশটি যৌক্তিক প্রশ্ন। আল্লাহ তা'আলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। আমীন! ছুম্মা আমীন!!