

দুঃখবেদনার অন্ত নেই। কখনও গালি খেতে হয়, কখনও শারীরিক আঘাত। চারদিক থেকে মেরে ফেলার হুমকি আসে। সর্বকাজের সহযোগী স্ত্রী মারা গেলেন এবং রাজনৈতিকভাবে নিরাপত্তা প্রদানকারী চাচাকেও হারালেন। কঠিন সময়ে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ালেন অসাধারণ গুণবতী বিধবা সাওদা বিনতে জামআ। তিনি স্বামীর আনুগত্য, সন্তান লালনপালন ও সাংসারিক কাজে অনন্য ছিলেন। ইসলামের সূচনাকালেই ইমান গ্রহণ করে নবিজির স্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন। তাঁর উপাধি উম্মুল মুমিনিন—মুমিনদের মা। আল্লাহ বলেন—‘রাদিয়াল্লাহু আনহা।’ তিনি পৃথিবীর সকল নারীর অনুসরণীয় আদর্শ হয়ে থাকবেন কিয়ামত পর্যন্ত।