

রাব্বুল আলামীনের প্রশংসা ও রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরূদ-সালাম পেশ করার পর বক্তব্য হলো, সাধারণ পাঠকদের এ বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। প্রথমত, এ সংকলন-গ্রন্থে ফিকহী হানাফীর নির্ভরযোগ্য কিতাবাদির আলোকে প্রশ্নের উত্তরসমূহ উল্লেখ করা হয়েছে। দ্বিতীয়ত, যে হাদীস থেকে মাসআলাটি বের করা হয়েছে, তা ব্যাখ্যা- বিশ্লেষণসহ লিখে দেওয়া হয়েছে, যাতে পাঠক সহজেই বুঝতে পারেন। তৃতীয়ত, একাধিক স্থানে প্রশ্নোত্তর লেখার পর সংশ্লিষ্ট হাদীস উল্লেখ করা হয়েছে, যা থেকে উত্তর বের করা হয়েছে। চতুর্থত, হাদীসের অনুবাদ উল্লেখ করা হয়েছে এবং যথাসম্ভব স্পষ্টভাবে ভাবার্থ বুঝিয়ে দেওয়া হয়েছে, কারণ মূল আরবী বাক্য লেখার দ্বারা অন্যভাষী পাঠকদের তেমন কোনো উপকার হতো না।