

গল্প লেখা আমার নেশা হয়ে উঠছে; যখন লিখতে বসি, যেন তরতর করে বড় হয়ে ওঠে গল্পের শরীর। প্রতিটি গল্প যেন নিজের সঙ্গে আলোচনা সাপেক্ষে লেখা হয়। জানি না গল্পগুলো কতটা হৃদয়গ্রাহী হয়ে ওঠে, তবে আমার গল্পের ভেতর সমাজবাস্তবতার যে চিত্র ফুটে ওঠে, তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাই অনেক সময় আমার গল্পকে নিছক গল্প না বলেও বাস্তবতার উপাখ্যান হিসেবেও ধরা যেতে পারে। ‘জীবনবোধের টুকরো গল্প’-এ বড়সড় সব গল্প স্থান পেলেও গল্পগুলো টুকরো বলছি এজন্য যে, একটি ঘটনা যখন ঘটে, তা জীবনের চেয়ে খুবই টুকরো। মানবজীবনে যতসব ঘটনা ঘটে যায়, তার টুকরো অংশই মানুষ উপলব্ধি করতে পারে। লেখক হিসেবে অন্তর্দৃষ্টির মাধ্যমে জীবনবোধের কিছু টুকরো গল্প লেখার প্রচেষ্টা মাত্র।