

আপনি যখন ‘না’ বলতে সংকোচবোধ করবেন, তখন আপনার আশেপাশে এমন পরিস্থিতির সূচনা হবে, যেন আপনার কল থেকে পানি পড়ে ঘর ভেসে যাচ্ছে, অথচ আপনি কল বন্ধ করতে পারছেন না। যদি কারও অনুরোধের জবাবে আপনি না বলতে চান, অথচ ‘না’-এর বদলে যদি আপনার মুখ থেকে ‘হ্যাঁ’ বেরিয়ে যায়, তবে আপনার ভেতরে অনেক চাপ ও ক্ষোভ জন্ম নেবে এবং তা প্রতিনিয়ত বাড়তে থাকবে। এতে আপনার শরীরের ওপরেও খারাপ প্রভাব পড়বে এবং প্রথমে মাথাব্যথার রূপে সেই প্রতিক্রিয়া দেখা যাবে। ‘না’ বলার অর্থ হলো পানি পড়তে থাকা কলের মুখ বন্ধ করে দেওয়া এবং অতিরিক্ত চাপের দরজায় তালা দেওয়া। আপনি কী করবেন তা নির্ধারণ করার সিদ্ধান্ত আপনার নিজের। আপনি চাইলেই এই ক্ষমতাবলে সময় ও জীবনের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন। যদি সরাসরি ‘না’ বলতে পারেন, তাহলে ভেতর থেকে আপনার আত্মবিশ্বাস প্রকাশিত হবে।