

উড়ন্ত এক মাছি টুপ করে ‘হাফ গ্লাস’ পানিতে পড়ে গেল। প্রায় বিশ-ত্রিশ মিনিট পর সে কষ্টেসৃষ্টে ওপরে উঠতে সক্ষম হয়। তার জন্য সেই বিশ-ত্রিশ মিনিট কতটা যে কষ্ট ও স্থিরতার সাথে কেটেছে, তা স্রেফ সেই জানে। তবুও ক্লান্ত না হয়ে সে তার অন্তর্নিহিত শক্তি দিয়ে প্রাণপণে চেষ্টা চালিয়ে গেছে। অবশেষে ফিরে আসতে সক্ষম হয়েছে মুক্ত বাতাসে। মাঝেমধ্যে আমাদের জীবনও এর চেয়ে বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন হতে পারে। তখন ভেঙে না পড়ে, ছোট্ট প্রাণী মাছির মতো করে একাই লড়াই করে যেতে হবে। অন্যের ওপর ভরসা না করে নিজের পায়ে দাঁড়াতে হবে; দাঁড়িয়ে মোকাবিলা করতে হবে দুনিয়ার যাবতীয় সমস্যার। ছোট্ট একটা মাছি—সেও যদি নিজের জীবন বাঁচাতে অন্যের ওপর ভরসা না করে এগিয়ে যেতে পারে, তবে আমরা এত শক্তিশালী মানবজাতি হয়েও কেন অন্যের ওপর ভরসা করব?!