

কাজী সাহেব বিনয়ী গলায় বললেন, “মা সুপ্রভা, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, উনিশ লক্ষ উনিশ হাজার উনিশশত উনিশ টাকা দেনমোহর ধার্য করে, যার অর্ধেক নগদ উসুল ও বাকি অর্ধেক মুয়াজ্জল রেখে, আপনাকে সাদমান শেখের একমাত্র পুত্র মোতালেব শেখের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করা হচ্ছে। আপনি কি এই বিয়েতে রাজি? আপনি কি উনাকে স্বামী হিসেবে কবুল করে নিচ্ছেন?” সুপ্রভার গলা শুকিয়ে এল। সে দুহাতে নিজের পরনের লেহেঙ্গা খামচে ধরল। বারকয়েক শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা চালাল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাঁপতে থাকা গলায় বলল, “আলহামদুলিল্লাহ, কবুল। আমি মোতালেবকে আমার স্বামী হিসেবে কবুল করলাম। আজ থেকে আমি মোতালেবের বেগম।”