

বিশ্ব পরিস্থিতিতে দিন দিন ধর্মের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ বেশ আতঙ্ক ছড়াচ্ছে। এহেন সন্ত্রাসী ও জঙ্গিবাদীরা কুরআন ও হাদিসের অপব্যাখ্যা দিয়ে ইসলামের পবিত্র জিহাদকে সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডের অবয়বে বিশ্বসমাজে উপস্থাপন করার অপচেষ্টা চালাচ্ছে। এতে সরলমনা কেউ কেউ বিভ্রান্তির শিকার হচ্ছে; অথচ ইসলামী জিহাদের পবিত্র চেতনাকে সন্ত্রাসের উন্মাদনার সাথে গুলিয়ে ফেলা মারাত্মক ভ্রান্তি। ইসলামে উগ্রপন্থা নেই, এখানে কেবল মধ্যমপন্থা অনুমোদিত। জিহাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি বিধান। জিহাদের সুনির্দিষ্ট শর্তাবলী আছে। জিহাদের নামে আল্লাহ তাআলা নারাজ, অসন্তুষ্ট ও ক্রোধান্বিত হন—এমন কোনো কর্মকাণ্ড শরিয়ত অনুমোদন করে না। ইসলাম শান্তি, সহিষ্ণুতা, সহমর্মিতা ও মানবাধিকারের ধর্ম। তাই মুসলিম দেশে অমুসলিমকে হত্যা করা, আতঙ্কগ্রস্ত করা, সম্পদ বিনষ্ট করা কিংবা উপাসনালয়ের ক্ষতি করা মহাপাপ। তাদের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও ন্যায়বিচার পাওয়ার অধিকার ইসলামে স্বীকৃত। এসব অধিকার যারা কেড়ে নিতে চায়, তারাই মূলত জঙ্গি ও সন্ত্রাসী। সন্ত্রাস এবং জিহাদ যে এক নয়, এই সত্যটি পাঠকদের হৃদয়াঙ্গম করানোর জন্য জগৎসেরা তিন মনীষীর গবেষণাসমৃদ্ধ লেখাগুলো একত্র করা হয়েছে এই পুস্তিকাটিতে।