

হজ্জ তাওহীদের অমীয় ঘোষণায় ভাস্বর ইসলামী শরীয়তের অন্যতম এক ফরয বিধান। হজ্জ যেমন তাৎপর্যপূর্ণ তেমনি এর বিধি-বিধান ও মাসআলা-মাসাইলগুলোর জ্ঞান অর্জন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি জীবনে একবারই ফরয হয়। কেউ জীবনে একবারই হজ্জ আদায়ের তাওফীক লাভ করেন। আর কেউ কেউ তাওফীক অনুযায়ী বছরান্তে বার বার পালন করে যান। আর কারো জীবনে লালিত স্বপ্ন হইয়েই থেকে যায়। শরীয়তের অন্যান্য আমলগুলোর তুলনায় হজ্জের আমলগুলো বেশ ব্যতিক্রমধর্মী। উপরন্তু নামায, রোযা ইত্যাদি আমলের ন্যায় দৈনন্দিন চর্চা না থাকার দরুন এর মাসআলাগুলো পুরোপুরি রপ্ত করাও একটু কঠিন। তাই সঠিকভাবে হজ্জ পালনের জন্য বই কিতাবের পাশাপাশি অভিজ্ঞতাসম্পূর্ণ দক্ষ মুয়ালিমের দিক-নির্দেশনার বিকল্প নেই। তদুপরি সঠিক তথ্য ও তত্ত্বে সমৃদ্ধ সাবলীল ভাষায় বাস্তব অভিজ্ঞতার আলোকে লিখিত একটি বই একজন হাজী সাহেবকে দিতে পারে অনেকখানি দিক-নির্দেশনা। হতে পারে তার জন্য অমূল্য পাথেয়। সে তথ্যমান ও বাস্তব অভিজ্ঞতা সমন্বয় বজায় রেখেই হজ্জ বিষয়ে আমাদের এই প্রয়াস- "আহকামুল হজ্জ"।