

ছোটবেলার কিছু স্মৃতি এখনো তিয়ার চোখে ভাসে সাদা গায়ের রঙের বুড়ো মানুষটি ঐ খোলা বারান্দায় বসে দৈনিক খবরের কাগজ ম্যাগাজিন পড়তেন। গান শুনতেন। মাঝেমধ্যে লনে হাঁটাহাঁটি করতেন। ফুল গাছের আর কবিতা আবৃত্তির চর্চা। বাড়ির পেছনের জায়গায় হাঁস, মুরগীর ঘর। কিছু সবজি বাগান।তিয়ার হাত ধরে হাঁটতেন আর বলতেন।এ সব জিনিস তোমার বুঝেছো 'ছোটিবেগম'। যত্ন করে রাখবে কিন্তু।তবে দেখবে এরা তোমার বন্ধু হবে। গাছেরা ফল দেবে। ফুলেরা হেসে উঠবে। হাঁস মুরগী, পাখি,কবুতর আছে এরা তোমার সাথে গল্প করবে।তোমার বন্ধু হবে। খুব মজা হবে তাই না। পারবে তুমি তার কারণ তুমি আমার ছোটিবেগম 'তাসলিমা বেগম তিয়া'। তিয়া মুখ কুঁচকে বলতো, - দাদু এই নামে ডাকবে না। নামটা খুব পঁচা।বড্ড সেকেলে।বন্ধুরা হাসে। তাই মা স্কুলে ভর্তির করার সময় নামটা চেঞ্জ করে দিয়েছে। মুখস্ত করে রাখো। আবার ভুল যেও না যেন। আমার নাম কিন্তু "সামান্তা ইসলাম তিয়া"।