

‘দ্য অ্যালকেমিস্ট’ বইটি রচিত হয়েছে একজন বইপ্রেমী, ভ্রমণপিপাসু মেষপালক ছেলের স্বপ্ন পূরণের যাত্রা নিয়ে। ছেলেটির নাম সান্তিয়াগো। গল্পের শুরুতেই বর্ণিত আছে মেষপালকের অতি সাধারণ জীবনযাপনের কথা। তার এই সাধারণ জীবন অসাধারণ হয়ে ওঠে একটি স্বপ্ন দেখার পর। সে স্বপ্নে দেখে, সুদূর মিশরে তার জন্য অপেক্ষা করছে গুপ্তধন। এই স্বপ্নের ব্যাখ্যা জানার পর সে গুপ্তধনের সন্ধানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এমন সময় তার পরিচয় হয় নিজেকে সালেমের রাজা দাবি করা এক বৃদ্ধের সঙ্গে, যে তাকে দুটি অমূল্য পাথর দেন। ভেড়ার পাল বিক্রি করে স্বপ্নের পথে যাত্রা করার পরপরই সে প্রতারণার শিকার হয় এবং নিজের সব সম্পদ হারিয়ে ফেলে। কিন্তু তাই বলে সে নিজের লক্ষ্য থেকে সরে যায় না। সমস্ত সম্পদ হারাবার পর সে এক স্ফটিক বণিকের দোকানে কাজ নেয় এবং এখানে তার বুদ্ধিমত্তার কারণে সেই দোকানদারও উপকৃত হন। অনেকদিন সেখানে কাজ করে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে সে আবার নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে যাত্রা শুরু করে। এই যাত্রায় তাকে পাড়ি দিতে হয় দুর্গম সাহারা মরুভূমি। প্রকৃতির ইশারায় সান্তিয়াগো সাহায্য করে মরূদ্যানে থাকা মানুষদের। এখানে সে তার ভালোবাসা ‘ফাতিমা’র দেখা পায়। এই অবস্থায় সে তার স্বপ্ন এবং ভালোবাসার মধ্যে একটা অদ্ভুত দ্বন্দ্বের মধ্যে পড়ে। কিন্তু ফাতিমা তাকে আশ্বস্ত করে যে ভালোবাসা কখনোই স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায় না। এখানেই তার পরিচয় হয় অ্যালকেমিস্টের সঙ্গে। এই অ্যালকেমিস্ট হলো এমন এক রহস্যময় ব্যক্তি, যে লোহাকে স্বর্ণে রূপান্তর করতে পারে। অ্যালকেমিস্ট সান্তিয়াগোকে স্বপ্ন পূরণের পথ দেখায়। কিন্তু পিরামিডের দেশে গিয়ে সান্তিয়াগো কি তার স্বপ্নে দেখা সেই গুপ্তধন পেয়েছিল? পেলেও কী ছিল সেই গুপ্তধনে? এটা জানতে হলে আপনাকে পড়তে হবে বইটি।