

বেলকনিতে দাঁড়িয়ে থেকে অনেকটা ভিজে গেছে রুহি। - আম্মা ভিজে গেলেন তো, ভালোই বৃষ্টি হচ্ছে, এই অসময়ে। ঘরে যান ঠান্ডা লেগে যাবে। খালার কথায় কাল্পনিক কথোপকথনে ছেদ পড়লো। অহ সত্যিই তো কখন যে এখানে এসে দাঁড়িয়েছিলো নিজেরও মনে নেই। পাবেলও এসেছে এর মধ্যে। সে খেয়ে এসেছে। রুহিরও কিছু খেতে ইচ্ছে করছে না। কাপড় পাল্টিয়ে রুহি ল্যাপটপ বন্ধ করে ঘুমাতে চলে গেলো। পাবেলের ম্যাসেঞ্জারে ম্যাসেজ এর টুংটাং শব্দ বেজেই যাচ্ছে। মাথাটা কেমন করছে যেন। পাবেলকে বেশ খুশি খুশি দেখাচ্ছে, পালটা ম্যাসেজিং চলছে। কি হতে চলছে এসব রুহি বুঝতে পারছে না।