
"কী বলছেন এসব?" আমি ঘোরের ভেতর বলে উঠলাম। পৃথিবীর আর কোথাও কোনো শব্দ নেই, আমাদের কথোপকথন ছাড়া। "হ্যাঁ। সত্য বলতাছি। এই যে বোতলে সুগন্ধি দেখতাছেন, এই সুগন্ধি তার নাম কইরা যতদিন গায়ে মাখবেন, সে আপনার হইয়া থাকবো।" আমি স্তব্ধ হয়ে শুনলাম। চোখের সামনে কেবল নবীনের মুখটাই ভাসতে দেখলাম। আমার সেই মুহূর্তে মনে হলো, আমি এই জীবনে নবীনের মতো করে আর কাউকে কেন, আর কিছুই চাই না। যেন সম্মোহিতের মতো হাত বাড়িয়ে নিলাম একটা ছোট্ট কাচের বোতলে রাখা সোনালি বর্ণের তরলটা। "দাম কত এটার?" "টাকা লাগবো না। আপনে শুধু একটা জিনিস দিবেন আমারে।" টাকা ছাড়া এই সুগন্ধির বিনিময়ে আর কী হতে পারে, সেটাই ভাবছিলাম। টাকা ছাড়া এই লোক আমার কাছে এই জিনিস কেনই বা বিক্রি করতে আসবে! কী লাভ তার! "আমারে এক বছর আয়ু দেন আপনার থেইকা। আর কিচ্ছু চাই না।" চমকে উঠলাম আমি। বলে কী এই লোক! পাগল নাকি মাথা খারাপ? আমি ক'বছর বাঁচব, তা কি জানি? না, সেটা কারো পক্ষেই জানা সম্ভব...