

মৃন্ময় আলতো হেসে শিরীষ গাছের নিচে পড়ে থাকা একটা সাদা ফুল তুলে নিল। তারপর ফুলটা প্রত্যুষার দিকে বাড়িয়ে দিয়ে বলল, "আমি খুব ধৈর্যশীল মানুষ। তাই আপনাকে ভালোবাসতে তাড়া নেই আমার। আপনি যখন ইচ্ছে করবেন, যেদিন ইচ্ছে করবেন, সেদিন আমাকে চিনবেন। তার আগে না হয় আমি আপনাকে মায়ার বাঁধনে আটকে রাখার হিসাব কষব।" কথাটা বলে ফুলটা তার হাতে গুঁজে দিয়ে পাশ কাটিয়ে চলে গেল সে। প্রত্যুষা স্থির হয়ে দাঁড়িয়ে রইল মুহূর্তক্ষণ। হাতে ধরা ছোট্ট সাদা ফুলটার দিকে তাকিয়ে হঠাৎ মনে মনে বলে উঠল, "আমাকে আপনার মায়ার বাঁধনে বাঁধার চেষ্টা করবেন না, মৃন্ময়। ঝড়কে কখনো বেঁধে রাখা যায় না।"