

প্রতিটা খবরের কাগজে বড় বড় অক্ষরে ইয়ামিনের নাম এবং ছবি ছাপা হলো। খবরের পাতার মেইন হেডলাইন ছিল ইয়ামিন—‘দুইজন পুলিশ হত্যার দায়ে আটক কুখ্যাত সন্ত্রাসী এবং চোরাকারবারী ইয়ামিন হাওলাদার’। তারপর বিস্তারিত ঘটনা কলামে লিখেছে। কিছু কিছু পত্রিকায় তো আবার এও লিখে দিয়েছে আসামির সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। পুলিশ এবং তাদের দিক থেকে সকল তথ্য-প্রমাণের কথাও পত্রিকায় উল্লেখ করেছেন। প্রকৃতি সেই সকাল থেকে খবরের কাগজ হাতে নিয়ে বসে আছে। কারও সাথে কোনো কথা বলছে না। বারবার ইয়ামিনকে নিয়ে দেওয়া খবরটার দিকে চোখ বুলাচ্ছে। এমন খবরে ওর কেমন রিঅ্যাক্ট করা উচিত, তা ও বুঝতে পারছে না। ইয়ামিনের অন্ধকার এবং অনিশ্চিত ভবিষ্যৎ সম্পর্কে যে ও অবগত ছিল না, তেমন কিন্তু নয়! ও প্রায়ই ইয়ামিনের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় মগ্ন থাকত। মগ্ন থাকত ওর নিজেরও অনিশ্চিত জীবন নিয়ে। কিন্তু তবুও সব দেখেও অদেখা থাকার ভান করত সর্বদা। কখনো ইয়ামিনকে ভালো পথে ফিরতে বলেনি, যদি ইয়ামিন ভাবে সম্পর্কে জড়িয়ে ইয়ামিন আটকে পড়েছে।