
পৃথিবীর সমস্ত জলকে ছেড়ে দিয়ে যদি নতুন জলরাশির কল্পনা করি আমরা, পৃথিবীর সমস্ত দ্বীপ ছেড়ে দিয়ে যদি নতুন দ্বীপের কল্পনা করি, পৃথিবীর সমস্ত অনুষঙ্গকে যদি বাদ দিয়ে নতুন কিছু কল্পনা করি, তবে সেই নতুনের ছায়াপথে প্রথমেই এসে ধরা দেয় কবিতার অবয়ব। যা ক্রমে ও ক্রমান্বয়ে হয়ে ওঠে বেঁচে থাকার প্রতিপাদ্য। যে বেঁচে থাকার মধ্যেই প্রতিবিম্বিত হয় সমাজের রূপরেখা। যে রূপরেখায় কবির কলম সদর্পে বলে ওঠে অপ্রকাশিত অনেক অনুভূতির কথা। এখানেই কবি ও কবিতা দুই-ই কৃতজ্ঞ হয় সময়ের কাছে। সম্মানীয় কবি ডাঃ আব্দুল বাসেত মহাশয়ের লেখা "সমাজের আয়না" কাব্যগ্রন্থটি এমনই একটি কাব্যগ্রন্থ। যা জীবনের কথা বলে, মানুষের কথা বলে, সময়-পরিস্থিতির কথা বলে। অগ্রজ কবির সৃষ্ট এই কাব্যগ্রন্থের ভূমিকা অংশে কলম ধরতে পেরে আমি যারপরনাই আনন্দিত ও আপ্লুত। কবির আগামী আরও সাফল্যমণ্ডিত হয়ে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আশা রাখব, এই কবিতার বইটি পাঠকমহলে সমাদৃত হবে।