

জীবনের কঠিনতম অধ্যায়গুলো পেরিয়ে আয়রা যখন নিজের চেষ্টায় সফল ইভেন্ট প্ল্যানার হিসেবে নিজেকে গড়ে তুলছিল, ঠিক তখনই তার জীবনে আসে এক অদ্ভুত ইভেন্টের কাজ—এক বিবাহবার্ষিকীর আয়োজন! ক্লায়েন্টের চাওয়া অনুযায়ী গোলাপ, মোমবাতি আর নরম আলোর যে সজ্জা সে তৈরি করল, তা সাজাতে গিয়ে বারবার তার বুক কেঁপে উঠছিল। কারণ, এই প্রতিটি সাজসজ্জা যেন হুবহু তুলে ধরছিল সাউদের সাথে তার নিজের বিয়ের দিনকে। আসল চমক অপেক্ষা করছিল ইভেন্ট শেষে ক্লায়েন্টের বাসায় পেমেন্ট নিতে যাওয়ার পর। অচেনা কিন্তু ভীষণ চেনা ছিমছাম একটা বাড়ি, চাওমিনের প্লেটে সেই পরিচিত চপস্টিক আর চেনা স্বাদ, বাতাসে ভেসে আসা একই পারফিউমের সুবাস—সব মিলিয়ে আয়রার মন এলোমেলো হয়ে যায়। আর তার সামনে এসে দাঁড়ায় এক সুদর্শন লোক, যে তার অনুপস্থিত স্ত্রীর প্রতি গভীর ভালোবাসা নিয়ে উদযাপন করছে এই বিশেষ দিনটি। লোকটির মুখ অচেনা হলেও তার কণ্ঠস্বর, কথা বলার ঢং আর চোখের চাহনি কেন যেন বারবার সাউদের কথাই মনে করিয়ে দেয়। সবকিছুকে মনের ভুল আর বিভ্রম ভেবে এড়িয়ে যেতে চাইলেও, শেষ রাতে ক্যালেন্ডারের দিকে তাকিয়ে আয়রার পায়ের তলার মাটি সরে যায়! অ্যানিভার্সারি ইভেন্টের তারিখ আর আয়রা-সাউদের বিয়ের দিনটি আশ্চর্যজনকভাবে একই! সবই কি শুধুই কাকতালীয় ঘটনা, নাকি এই অচেনা মানুষটির আড়ালেই লুকিয়ে আছে আয়রার ফেলে আসা অতীত? স্মৃতি আর বাস্তবতার তীব্র টানাপোড়েন এবং রহস্যে ঘেরা এক ভালোবাসার সমীকরণ নিয়ে রচিত উপন্যাস সাইকোপ্যাথ (২য় খন্ড)।