

বাসস্ট্যান্ডে মানুষের বেশ ভিড়। চারদিকের কোলাহলের মাঝেও মাহি এক কোণায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে কালো বোরকা, আর একটা বড় স্কার্ফ দিয়ে মুখটা এমনভাবে ঢাকা যে শুধু দুটো চোখ দেখা যাচ্ছে। সে বারবার এদিক-ওদিক তাকাচ্ছে। তার চোখের কোণায় স্পষ্ট আতঙ্ক এবং এক অজানা ভয়। মেয়ের এই অদ্ভুত আচরণ লক্ষ্য করছিলেন তার বাবা আজমল সাহেব। আজমল সাহেব মেয়ের দিকে একটু এগিয়ে এসে নিচু গলায় বললেন, "হুট করে তোমার এই সিদ্ধান্ত কেন, মাহি? যেখানে ঢাকা ভার্সিটি সব শিক্ষার্থীর স্বপ্ন থাকে, সেখানে তুমি এই ভার্সিটি ছেড়ে তোমার নানুর বাসায় থেকে কেন অন্য ভার্সিটিতে পড়তে চাচ্ছো? আমার মাথায় কিছুই ঢুকছে না।"